২৪ ঘণ্টায় ১৮৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
Posted by: News Desk
August 4, 2019
এমএনএ রিপোর্ট : গতকাল শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৮৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি হাসপাতালে ৬৫০, ক্লিনিকে ৪০৩ ও দেশের আট বিভাগে বিভিন্ন হাসপাতালে ৮১৭ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এটিই চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তির রেকর্ড। এর আগের ২৪ ঘণ্টায় এক হাজার ৬৪৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার মধ্যে রাজধানীতে ভর্তি হয়েছিলেন ৯৬৯ জন এবং বাকি জেলাগুলোতে ৬৮০ জন।
তার আগে গত শুক্রবার সকাল ৮টা পর্যন্ত রাজধানীতে ৯৯৬ জনসহ পুরো দেশে এক হাজার ৬৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি হন ডেঙ্গু আক্রান্ত হয়ে।
সরকারি হিসাবে, পুরো জুলাই মাসে সারাদেশে বিভিন্ন হাসপাতালে ১৫ হাজার ৬৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলেন। আর, চলতি অগাস্ট মাসের প্রথম ৭২ ঘণ্টাতেই ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন ৬ হাজার ৯৬৭ জন।
আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে ১৮ জনের মৃত্যু নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে বিভিন্ন গণমাধ্যমে অর্ধ শতাধিক মৃত্যুর খবর ইতোমধ্যে এসেছে।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার সকালে মারা গেছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শাহাবুদ্দীন কোরেশীর স্ত্রী ৫৪ বছর বয়সী সৈয়দা আক্তার।
সারাদেশে বিভিন্ন হাসপাতালে এখনও ৭ হাজার ৩৯৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে রাজধানীর ৩৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪ হাজার ৯৬৯ জন ভর্তি আছেন।
চলতি বছরের প্রথম দিন থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু নিয়ে ২৪ হাজার ৮০৪ জন বিভিন্ন হাসপাতালে গেলেও চিকিৎসা শেষে ১৭ হাজার ৩৮৮ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ জন। বেসরকারি ভাবে এ সংখ্যা ৩২ জন বলে দাবী করা হয়।
রাজধানীর বাইরে ঢাকা বিভাগের জেলাগুলোতেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় এসব জেলার হাসপাতালগুলোতে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ২১৬ জন, তাদের নিয়ে মোট চিকিৎসাধীন ৪৪৩ জন।
চট্টগ্রাম বিভাগে নতুন ডেঙ্গু রোগী ১৫৯ ও চিকিৎসাধীন ৪১৬ জন, খুলনা বিভাগে নতুন ১২৭ ও চিকিৎসাধীন ৪২১ জন, রাজশাহী বিভাগে নতুন রোগী ৮৩ জন ও চিকিৎসাধীন ৩৪২, বরিশাল বিভাগে নতুন ৭৮ জন ও চিকিৎসাধীন ২২৯ জন,ময়মনসিংহ বিভাগে নতুন ৭০ জন ও চিকিৎসাধীন ২৬৮ জন, রংপুর বিভাগে নতুন ৫৩ জন ও ভর্তি ২১৫ জন এবং সিলেট বিভাগে নতুন শনাক্ত ৩১ জন ও হাসপাতালে ভর্তি ৯৯ জন।
হাসপাতালে ভর্তি ডেঙ্গু ১৮৭০ জন রোগী ২৪ ঘণ্টায় 2019-08-04