২৭ ডিসেম্বর সংসদ নির্বাচন হতে পারে : অর্থমন্ত্রী
Posted by: News Desk
September 5, 2018
এমএনএ রিপোর্ট : আগামী ২৭ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে ধারণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একইসঙ্গে নির্বাচনকে সামনে রেখে আগামী ২০ দিনের মধ্যে অন্তবর্তী সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি।
আজ বুধবার সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। এসময় উপস্থিত সাংবাদিকদের মুহিত এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে মনে হয়েছে আগামী ২৭ ডিসেম্বর তারা (নির্বাচন কমিশন) জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা ভাবছে। এজন্য সরকারও প্রস্তুতি নিচ্ছে।
তিনি বলেন, আগামী ২০ দিনের মধ্যে বর্তমান সরকারের কাঠামো ভেঙ্গে দিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে। সরকারটি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মডেল অনুযায়ী। প্রধানমন্ত্রীকে প্রধান করে স্বল্পসংখ্যক মন্ত্রী নিয়ে এ সরকার হবে। সংসদ থাকবে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত। নতুন সরকার না হওয়া পর্যন্ত সংসদ বহাল থাকবে।
অর্থমন্ত্রী বলেন, আগামী ২০ দিনের মধ্যে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে। তবে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মডেল অনুযায়ী হবে। তাকে প্রধান করে স্বল্পসংখ্যক মন্ত্রী নিয়ে এ সরকার হবে।
ভোটের তারিখ নির্বাচন কমিশন চূড়ান্ত করবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, শুনেছি নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী আগামী ২৭ ডিসেম্বর দেশে জাতীয় নির্বাচন হতে পারে।
অর্থমন্ত্রী বলেন, ‘নির্বাচনকালীন সরকারে বিএনপির থাকার কোনও সুযোগ নেই। কারণ বর্তমান সংসদে দলটির কোনও প্রতিনিধি নেই।’
নির্বাচনকালীন সরকারে বিএনপি বা সুশীল সমাজের প্রতিনিধি থাকবে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, বিএনপি বা সুশীল সমাজের প্রতিনিধি কারোরই নির্বাচনকালীন সরকারে থাকার সুযোগ নেই। সংবিধান অনুযায়ী ওই সরকারের প্রতিনিধি হবেন সংসদ সদস্যরা। ফলে যিনি সংসদ সদস্য নন তিনি সরকারে অন্তর্ভূক্ত হতে পারবেন না।
অর্থমন্ত্রী বলেন, ইভিএম (ইলেকট্রিক ভোটিং মেশিন) ছাড়া নির্বাচন কখনোই পুরোপুরি সুষ্ঠু করা সম্ভব নয়। নির্বাচন কমিশনে অনেক সংস্কার হয়েছে। এবার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
তিনি বলেন, আশা করা যাচ্ছে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। বিএনপি নির্বাচনে অংশও নেবে। কারণ নির্বাচনে না এলে বিএনপি অদৃশ্য হয়ে যাবে। এজন্য কাউন্সিলরদের যার যার জায়গা থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।
অনুষ্ঠানে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
২৭ ডিসেম্বর নির্বাচন অর্থমন্ত্রী সংসদ 2018-09-05