এমএনএ প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে সরকার গঠনের প্রথম ২৮ দিনে নেওয়া ২৮টি পদক্ষেপকে ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন। মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব পদক্ষেপ তুলে ধরেন।
পোস্টে মাহদী আমিন বলেন, “আজ ১৭ মার্চ। ঠিক এক মাস আগে জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার গঠিত হয়। মাত্র ২৮ দিনে রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করা হয়েছে, যা জনগণের প্রতি দায়বদ্ধতার স্পষ্ট প্রতিফলন।”
তিনি জানান, সরকারের এই পদক্ষেপগুলো সামাজিক সুরক্ষা, অর্থনীতি, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও রাষ্ট্রীয় মূল্যবোধ—সব ক্ষেত্রেই প্রভাব ফেলেছে।
সামাজিক সুরক্ষা ও মানবিক সহায়তা:
সরকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় ৩৭ হাজার ৫৬৭ পরিবারকে মাসিক ২ হাজার ৫০০ টাকা সহায়তা দিয়েছে। পাশাপাশি ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, বৌদ্ধ ভিক্ষু ও খ্রিস্টান ধর্মযাজকদের জন্য সম্মানী চালু করা হয়েছে। ঈদ উপলক্ষে দরিদ্রদের মধ্যে উপহার বিতরণ এবং প্রাতিষ্ঠানিক যাকাত ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
কৃষি ও গ্রামীণ অর্থনীতি:
প্রায় ২৭ হাজার কৃষককে কৃষক কার্ড প্রদান এবং ১২ লাখ ক্ষুদ্র কৃষকের ঋণ আংশিক মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি শুরু হয়েছে।
প্রশাসনিক সংস্কার:
সরকারি দপ্তরে সময়ানুবর্তিতা নিশ্চিত, ভিভিআইপি প্রটোকল কমানো, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সীমিতকরণ এবং সংসদ সদস্যদের বিশেষ সুবিধা পরিহারের মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অর্থনীতি ও বাজার ব্যবস্থা:
রমজান ও ঈদে বাজার নিয়ন্ত্রণ, জ্বালানি সরবরাহ সচল রাখা, বিদেশি বিনিয়োগ সহজীকরণ এবং শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি বন্ধ শিল্প প্রতিষ্ঠান চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।
শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন:
পুনর্ভর্তি ফি বাতিল, লটারি পদ্ধতির পরিবর্তন, বিদেশে উচ্চশিক্ষায় আর্থিক সহায়তা এবং ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্য ও জনকল্যাণ:
ই-হেলথ কার্ড চালু এবং ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানও জোরদার করা হয়েছে।
আইনশৃঙ্খলা ও নিরাপত্তা:
চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান, নারীদের নিরাপত্তায় ‘পিংক বাস’ চালুর উদ্যোগ এবং সাইবার বুলিং প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাষ্ট্রীয় শৃঙ্খলা ও অবকাঠামো:
বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা, অবৈধ স্থাপনা উচ্ছেদ, ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন বিমানবন্দর ও ট্রেনে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ দেওয়া হয়েছে।
পোস্টের শেষাংশে মাহদী আমিন বলেন, “সরকারের প্রথম ২৮ দিনের পদক্ষেপগুলো প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্ব ও জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। এ পথযাত্রা নতুন প্রজন্মকে দেশের ভবিষ্যৎ গঠনে প্রস্তুত করবে।”
উল্লেখ্য, মাহদী আমিন প্রতিমন্ত্রী পদমর্যাদায় শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থানসহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

