Don't Miss
Home / অর্থনীতি / ৩০ নভেম্বর আয়কর রিটার্নের শেষ দিন
রিটার্ন

৩০ নভেম্বর আয়কর রিটার্নের শেষ দিন

এমএনএ অর্থনীতি ডেস্কঃ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, রিটার্ন জমা দেয়ার শেষ দিন ৩০ নভেম্বরই থাকছে। আয়কর রিটার্নের সময়সীমা আর বাড়ানো হবে না।

রোববার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে মাসব্যাপী করসেবা প্রদান এবং ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, রিটার্ন জমা দেয়ার শেষ দিন ৩০ নভেম্বরই থাকছে। নির্ধারিত সময়ে যারা আয়কর রিটার্ন জমা দিতে পারবেন না, তারা সংশ্লিষ্ট কর অফিসে আবেদন করতে পারবেন। তবে ২ শতাংশ জরিমানার বিষয়টি বাধ্যতামূলক নয়। গ্রাহক সঠিক সময়ে কেন রিটার্ন জমা দিতে পারেননি, এর যৌক্তিক কারণ দেখাতে পারলে জরিমানা মওকুফ করা হবে। কমিশনারের কাছে যদি কারণ যৌক্তিক মনে না হয়, তবে জরিমানা গুনতে হবে।

তিনি বলেন, ২৬ নভেম্বর পর্যন্ত ১৩ লাখ ২০ হাজার ৮২৫টি রিটার্ন জমা হয়েছে এতে দুই হাজার ৩৮৭ কোটি টাকার কর আদায় হয়েছে। ২০১৯ সালে ১২ লাখ ৫৭ হাজার ৬২৬টি রিটার্নের দুই হাজার ৫৮০ কোটি টাকার কর আদায় হয়েছিল।

তিনি আরও বলেন, টিআইএনধারীদের রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। না দিলে জরিমানা গুনতে হবে।

উল্লেখ্য, আয়কর আইন অনুযায়ী উপ-কর কমিশনার করদাতার আবেদনের প্রেক্ষিতে সময় দিতে পারেন। তবে করদাতা ২ শতাংশ হারে জরিমানা দিয়ে সময় বাড়াতে পারবেন।

এ সময় উপস্থিত ছিলেন, এনবিআরের সদস্য (করনীতি) আলমগীর হোসেন, সদস্য অপূর্ব কান্তি দাস, হাফিজ মোর্শেদ প্রমূখ।

x

Check Also

আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ...