Don't Miss
Home / আজকের সংবাদ / ৩৫তম বিসিএসের আরো ১৪৬৬ জন নিয়োগ

৩৫তম বিসিএসের আরো ১৪৬৬ জন নিয়োগ

এমএনএ রিপোর্ট : ৩৫তম বিসিএসে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে থেকে আরো ১ হাজার ৪৬৬ জনকে দ্বিতীয় শ্রেণিতে নন ক্যাডারের বিভিন্ন পদে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করে বলেছেন, আজ বৃহস্পতিবার এক বৈঠকে ৩৫তম বিসিএসের অপেক্ষমাণ তালিকা থেকে নন ক্যাডারে ১ হাজার ৪৬৬ জনকে নিয়োগের সিদ্ধান্ত হয়। এতে সমাজসেবা কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সহকারী রাজস্ব কর্মকর্তা, তথ্য কর্মকর্তা, শ্রম পরিদর্শকসহ ইত্যাদি পদ আছে।

পিএসসি চেয়ারম্যান বলেন, এর মাধ্যমে ৩৫তম বিসিএসের নন ক্যাডারে নিয়োগপ্রক্রিয়া শেষ করা হলো। এই নিয়োগের মাধ্যমে নন ক্যাডারে অপেক্ষমাণ সবাই চাকরি পেলেন। এরপর ৩৬তম বিসিএসের ক্যাডার ও নন ক্যাডারের কার্যক্রম শুরু করা হবে।

পিএসসি সূত্রে জানা গেছে, ৩৫তম বিসিএসের নন ক্যাডারে নিয়োগের জন্য গত বছরের ৩০ আগস্ট সব মন্ত্রণালয়ে চিঠি দেয় পিএসসি। এ ছাড়া বেশিসংখ্যক প্রার্থী যেন নিয়োগ পান, সে জন্য কোটার প্রার্থী না পাওয়া গেলে সেখানে মেধাবীদের নিয়োগ দেয়ার প্রস্তাব পাঠানো হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে। পরে সেটি মন্ত্রিপরিষদে গেলে কোটা শিথিলের সুপারিশ করা হয়।

গত বছরের ১৭ আগস্ট ৩৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ৫ হাজার ৫৩৩ জন উত্তীর্ণ হন। এদের মধ্যে ২ হাজার ১৫৮ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করা হলেও পদস্বল্পতার কারণে ৩ হাজার ৩৫৯ জনকে নন ক্যাডারের জন্য রাখা হয়। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও যারা ক্যাডায় পায়নি তাদের মধ্যে যারা প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ পেতে ইচ্ছুক তাদের কাছে আবেদন চায় কমিশন। গত বছরের নভেম্বরে তাদের নন ক্যাডারে নিয়োগের জন্য প্রথমবারের মতো অনলাইনে আবেদনপত্র নেয়া হয়। ২ হাজার ৬২৬ জন এতে আবেদন করেছেন।

৩৫তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পায়নি তাদের মধ্য থেকে এর আগে কয়েক দফায় প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে ৬৯৭ জনকে নিয়োগের সুপারিশ করা হয়।

এ নিয়ে ৩৫তম বিসিএসে উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পায়নি তাদের মধ্য থেকে এ পর্যন্ত প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে দুই হাজার ১৬৩ জনকে নিয়োগের সুপারিশ করলো পিএসসি।

২৮তম বিসিএস থেকে বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা কোনো ক্যাডায় পায়নি তাদের মধ্য থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হচ্ছিল।

এক বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পর আরেকটি বিসিএসে উত্তীর্ণদের নিয়োগের আগ পর্যন্ত আগের বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়।

২০১৪ সালের ১৭ জুন নন-ক্যাডার নিয়োগ (বিশেষ) বিধিমালা ২০১০ সংশোধন করে বিসিএস উত্তীর্ণদের মধ্য থেকে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা নিয়োগেরও সুযোগ করে দেয় সরকার।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...