৭ জুলাই থেকে রাজধানীর ৩ রুটে রিকশা চলাচল বন্ধ
Posted by: News Desk
July 3, 2019
এমএনএ রিপোর্ট : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, ‘আগামী ৭ জুলাই থেকে রাজধানীর কুড়িল-সায়েদাবাদ, গাবতলী-আজিমপুর ও সায়েন্সল্যাব-শাহবাগ রুটে রিকশা চলাচল বন্ধ থাকবে।’ আজ বুধবার রাজধানীর নগর ভবনে মেয়রের সভাপতিত্বে ঢাকা মহানগরীর গণপরিবহনে শৃঙ্খলা আনয়নে গঠিত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মেয়র বলেন, ‘ঢাকা শহরের সড়কে যানবাহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ডিটিসি এর একটি কমিটি গঠিত হয়েছে। আজ সেই কমিটির প্রথম বৈঠক ছিল। বৈঠকে ঢাকা শহরের বিভিন্ন সড়ক থেকে রিকশা, লেগুনা, হিউম্যান হলারসহ বিভিন্ন অবৈধ এবং অনুমোদনহীন যানবাহন চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ডিটিসি এর এই কমিটির সিদ্ধান্ত মোতাবেক এরই অংশ হিসেবে রাজধানীর কুড়িল থেকে খিলগাঁও, রামপুরা হয়ে সায়দাবাদ এবং গাবতলী থেকে আসাদগেট মিরপুর রোড হয়ে আজিমপুর ও সাইন্স ল্যাব থেকে শাহবাগ পর্যন্ত সড়কে রিকশাসহ অন্য সব অবৈধ যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আগামী রবিবার (৭ জুলাই) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছেন মেয়র।
গত ১৯ জুন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) বৈঠকে ‘ঢাকা মহানগরীর অবৈধ যানবাহন দূর/বন্ধ, ফুটপাথ দখলমুক্ত ও অবৈধ পার্কিং বন্ধে’ সাঈদ খোকনকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়।
কমিটিকে দুই মাসের মধ্যে সড়কে শৃঙ্খলা আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী বুধবারের বৈঠক হয়।
মেয়র বলেন, “সাতদিন পর কমিটি আবার বৈঠকে বসে এই কমিটি কার্যক্রম পর্যালোচনা করবে। এই কমিটির মূল দায়িত্ব পর্যায়ক্রমে ঢাকার মূল সড়কে যেন যানজট সৃষ্টি না হয় সেটা নিশ্চিত করা। এজন্য সড়কে অবৈধ রিকশা, ব্যাটারিচালিত রিকশা, অবৈধ লেগুনা অপসারণ করে যানজট পরিস্থিতি উন্নয়ন এবং ফুটপাত পথচারী চলাচলের উপযোগী করে দেওয়া।”
এ সময় ডিএমপি পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ডিটিসিএর নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান, বিআরটিএর চেয়ারম্যান মশিয়ার রহমান, বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
৩ রুটে রিকশা থেকে বন্ধ রাজধানীর চলাচল ৭ জুলাই 2019-07-03