এমএনএ রিপোর্ট : ঘুরে দাঁড়াতে শুরু করেছে রপ্তানি খাত। অস্থিতিশীল বিশ্ববাজারে মূলত বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদা অটুট ও পরিমাণে বাড়তে থাকায় রপ্তানি খাতে এ সুবাতাস বইছে। এরই ধারাবাহিকতায় চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) রপ্তানি আয় হয়েছে ২৪৯৫ কোটি ৫১ লাখ মার্কিন ডলার।
গত অর্থবছরের একই সময়ে রপ্তানি আয় ছিল ২ হাজার ২৯০ কোটি ৪৭ লাখ ডলার। ফলে চলতি অর্থবছরের এ সময়ে প্রবৃদ্ধি ৮ দশমিক ৯৫ শতাংশ।
গতকাল মঙ্গলবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে রপ্তানির এ তথ্য উঠে এসেছে।
এতে দেখা গেছে, নিটওয়্যার খাতে আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি ঘটেছে ৬ দশমিক ৬৮ শতাংশ। আর একই সময়ে ওভেন গার্মেন্টের প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৬৪ শতাংশ।
চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে অর্জিত আয়ের মধ্যে তৈরি পোশাক খাত থেকেই এসেছে ২ হাজার ৪৪ কোটি ডলার।
চলতি অর্থবছর ৩ হাজার ৩৫০ কোটি ডলারের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
২০১৪-১৫ অর্থবছরে রপ্তানি আয় ছিল ৩ হাজার ১২০ কোটি ডলার।
ইপিবির প্রতিবেদন পর্যালোচনায় আরও দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৪৪৩ কোটি ৮০ লাখ ডলার। নির্ধারিত সময়ের মধ্যে এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।
এ সময়ে প্রকৃত রপ্তানি আয় হয়েছে ২ দশমিক ১২ শতাংশ বেশি।
অন্যদিকে মাসওয়ারি হিসাবে শুধু মার্চেই ২৮৩ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এ আয় গত বছরের মার্চের ২৫৯ কোটি ডলারের চেয়ে ৯ দশমিক ২০ শতাংশ বেশি।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক


