এমএনএ সংবাদ ডেস্ক : গত নয় মাসে দেশে করোনায় সর্বনিম্ন শনাক্তের হার ২ দশমিক ৫১ শতাংশে নেমেছে। আর ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরো ৮ জনের। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন আট হাজার ১৯০ জন। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩০৫ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩৭ হাজার ৭৭০ জনে।
শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২০৬টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১১৬টি, জিন-এক্সপার্ট ২৮টি, র্যাপিড অ্যান্টিজেন ৬২টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১১ হাজার ৯৩৫। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ১৩৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩৭ লাখ ৩৬ হাজার ৬০৮টি।
ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৮২ হাজার ৮৪১ জন।
এতে আরো জানানো হয়, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৩৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৭৯ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫২ শতাংশ।
গত বছরের ৪ এপ্রিলের পর ৯ জানুয়ারি সর্বপ্রথম শনাক্তের হার ৫ শতাংশের ঘরে নামে। এরপর ১৭ জানুয়ারি ৪ শতাংশের ঘরে আসে। তার পরের দুদিন সামান্য বেড়ে ৫ শতাংশ হারে রোগী শনাক্ত হয়। ২০ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত শনাক্তের হার থাকে চার শতাংশে। যদিও এর মাঝে একদিন এই হার ৩ শতাংশে নেমেছিল। এরপর ২৯ জানুয়ারি শনাক্ত হয় ৩.৭৬ শতাংশ। গত ৩১ জানুয়ারি রোববার শনাক্তের হার ৩.০২ শতাংশ। ৩ ও ৫ ফেব্রুয়ারিতে শনাক্তের হার নেমেছে যথাক্রমে ২.৯২ ও ২.৭৯ শতাংশে। আজ সেই শনাক্তের হার সর্বনিম্ন ২ দশমিক ৫১ শতাংশে নেমেছে।
বিজ্ঞপ্তিতে নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় মৃত ৮ জনের মধ্যে ৬ জন পুরুষ, নারী দুইজন। এদের মধ্যে ঢাকা বিভাগে ৫, চট্টগ্রামে বিভাগে দুইজন ও খুলনা বিভাগে একজন। এদের মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে চার জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন।
বাংলাদেশে প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনে সর্বোচ্চ মৃত্যু।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

