Don't Miss
Home / আন্তর্জাতিক / ভারতের কলকাতার স্ট্র্যান্ড রোডে রেলের নিউ কয়লাঘাট বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু হয়েছে

ভারতের কলকাতার স্ট্র্যান্ড রোডে রেলের নিউ কয়লাঘাট বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু হয়েছে

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক :  ভারতের কলকাতার স্ট্র্যান্ড রোডে রেলের নিউ কয়লাঘাট বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অন্তত ৪ জন দমকল কর্মী ১ জন আরপিএফ কর্মী এবং হেয়ার স্ট্রিট থানার এএসআই রয়েছেন। আর ১ জনের পরিচয় জানার চেষ্টা চলছে।

সোমবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আগুন লাগে ওই ভবনে। ১৪ তলা ভবনটির ১৩ তলায় প্রথমে আগুন লাগে বলে জানা গিয়েছে। আগুন ছড়িয়ে পড়ে ভবনের ১২ তলায়। সেখানে রেলের সার্ভার রুমটি ভস্মীভূত হয়েছে। এর ফলে উত্তর-পূর্ব ভারতে রেলের বুকিং ব্যবস্থা ব্যাপক ভাবে ব্যাহত হয়েছে। প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘটনাস্থলে উপস্থিত দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মৃতদের পরিবার পিছু ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।

প্রথমে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসার পর ১৩ তলায় পৌঁছানোর চেষ্টা করেন কয়েক জন দমকল কর্মী। কিন্তু ১২ তলায় পৌঁছে তারা লিফ্ট থেকে বের হওয়ার চেষ্টা করেন কিন্তু প্রচন্ড তাপের ফলে তারা ফিরে আসার চেষ্টা করেন। কিন্তু চার পাশের বিষাক্ত গ্যাসে তারা সংজ্ঞাহীন হয়ে পড়েন বলে খবর। তার ফলেই তাদের মৃত্যু হয় বলে জানা যায়।

আগুন লাগার খবর পেয়ে প্রথমেই দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়। এতটা উঁচুতে আগুন লাগায় তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের।

আগুন নিয়ন্ত্রণে আনতে হাইড্রলিক ল্যাডার নিয়ে যাওয়া হয়। আশপাশের ভবনে যাতে আগুন ছড়িয়ে না পড়ে তার চেষ্টা করেন দমকল কর্মীরা।ভবনের কাছে আইসিইউ সুবিধা যুক্ত বেশ কয়েকটি অ্যাম্বুল্যান্স তৈরি রাখা হয়েছে। নিরাপত্তার কারণে ওই ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। উদ্ধার কাজে আলোর ব্যবস্থার জন্য কয়েকটি জেনারেটর আনা হয়েছে।

অগ্নিকাণ্ডের জেরে আতঙ্কিত হয়ে পড়েন ওই এলাকার মানুষ। স্ট্র্যান্ড রোডের একাংশ বেশ কিছুক্ষণ বন্ধ করে দেওয়া হয়। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম, দমকলমন্ত্রী সুজিত বসু, পূর্ব রেলের কর্তারা, হেয়ার স্ট্রিট থানার ওসি, কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা।

x

Check Also

প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতে অবসর ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার: তথ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, দেশের প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা ...