Don't Miss
Home / আন্তর্জাতিক / দূষণের চাদরে ঢাকা দিল্লি, দুর্ঘটনার শঙ্কা
ভারতের রাজধানী দিল্লি

দূষণের চাদরে ঢাকা দিল্লি, দুর্ঘটনার শঙ্কা

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : দূষণের চাদরে ঢেকে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। দীপাবলি উৎসবে পোড়ানো আতশবাজির ধোঁয়ায় বিপাকে রাজধানীবাসী। বায়ুদূষণে দৃষ্টিসীমা একেবারে কমে আসায় দুর্ঘটনার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।এ মুহূর্তে দিল্লি শহরকে দেখলে মনে হতে পারে সেখানে শীত জেঁকে বসেছে। কুয়াশার চাদরে মুড়ে আছে পুরো শহর। তবে কুয়াশা নয়, বরং দূষণে ঢাকা পড়েছে রাজধানী দিল্লি।

দিল্লিতে বায়ুদূষণের মাত্রা যেন কমছেই না। বরং মাত্রা ছাড়িয়েছে রাজধানীর আশপাশের বেশ কয়েকটি শহরে। দিল্লিতে এখন দূষণের মাত্রা একিউআই ৪৫৬। এটাকে ‘গুরুতর’ অবস্থা বলে মনে করছেন আবহাওয়াবিদরা। শুধু দিল্লি নয়, মাত্রাতিরিক্ত বায়ু দূষণের কারণে ভারতের উত্তর প্রদেশের অবস্থা এখন ভয়াবহ।

প্রতি বছর শীত শুরুর এ সময়টায় ভারতবাসী মেতে ওঠে দীপাবলির উৎসবে। উৎসব ঘিরে ভারতজুড়ে পোড়ানো হয় আতশবাজি। এ বিষয়ে নিষেধাজ্ঞা থাকলেও উৎসবের আমেজে কেউ যেন তা মানতেই চায় না।ফলে প্রতি বছর রেকর্ড পরিমাণ বায়ুদূষণ দেখা দেয় দিল্লিতে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, এ বছর পরিমাণে কম আতশবাজি ফোটানো সত্ত্বেও শহরটিতে বায়ুদূষণের মাত্রা নেহাত কম নয়।

এদিকে বাতাসে দূষণ বেড়ে যাওয়ায় দৃষ্টিসীমা একেবারে কমে এসেছে। যেকোনো সময় রাজধানী দিল্লিতে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা নগর কর্তৃপক্ষের। তীব্র বায়ু দূষণের কারণে এরইমধ্যে স্বাস্থ্যজনিত নানা সমস্যাও দেখা দিয়েছে শহরবাসীর মধ্যে। শ্বাসকষ্টসহ, চোখ জ্বালাপোড়া সমস্যায় ভুগছেন তারা। এতে উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

দূষণের মাত্রা এভাবে বাড়তে থাকলে ফুসফুসের ক্যান্সারসহ নানা রোগ দেখা দিতে পারে বলে মনে করছেন তারা।ভারতের চক্ষু বিশেষজ্ঞ নাভিন কুমার পাটনায়েক বলেন, খুব শিগগিরই চোখ জ্বালাপোড়ার সমস্যায় ভুগতে থাকা অনেক রোগীর মুখোমুখি হতে যাচ্ছি আমি। প্রতিবছরই এমনটা ঘটে। এমনকি আতশবাজি পোড়ানোর সময় আহত অনেকেই আমার কাছে আসেন। এর জন্য নিজেকে প্রস্তুত করছি।

স্থানীয় গণমাধ্যম জানায়, নিষেধাজ্ঞা সত্ত্বেও শুক্র ও শনিবার দিল্লিতে দীপাবলির উৎসবে পোড়ানো বাজিতে দূষণের মাত্রা ছাড়িয়ে যায়। স্থানীয় আবহাওয়া দপ্তরের মতে, ভারতের হরিয়ানা ও পাঞ্জাব অঞ্চলে খড় পোড়ানোর ধোঁয়া এ দূষণের মাত্রা আরও কয়েকগুণ বাড়িয়ে দেয়। এদিকে দূষণের মাত্রা খুব শিগগিরই কমবে না বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...