এমএনএ রাজনীতি ডেস্ক : বিএনপি ধ্বংসের রাজনীতির উত্তরাধিকার বহন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপির বর্ণচোরা রাজনীতির মুখোশ এখন উন্মোচিত। দেশের মানুষ তাদের কথা ও কাজে আস্থা হারিয়ে ফেলেছে। ধ্বংসের রাজনীতির উত্তরাধিকার বহন করছে বিএনপি। খুন, সন্ত্রাস আর ষড়যন্ত্র বিএনপিরই মজ্জাগত দোষ।’সোমবার সকালে নিজের সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি একথা বলেন ।
তিনি বলেন, বিএনপি নেতারা একদিকে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেয়, অন্যদিকে বলে স্বতন্ত্র প্রার্থী হলে আপত্তি নেই। তাদের এ দ্বৈতনীতি বা দ্বিচারিতার রাজনীতি দেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় অন্যতম প্রধান বাধা।সরকার এবং দেশের যে কোনো ভালো কাজকে বিতর্কিত করাই বিএনপির কাজ এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা নির্বাচনে অংশ নেয় নির্বাচনকে বিতর্কিত করতে। বিএনপির বর্ণচোরা রাজনীতির মুখোশ এখন উন্মোচিত। দেশের মানুষ তাদের কথা ও কাজে আস্থা হারিয়ে ফেলেছে ।
ভাস্কর্য নিয়ে হেফাজতি সন্ত্রাসের মূল কুশীলব বিএনপি ছিল এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, দেশে সাম্প্রদায়িক অপশক্তিকে উসকানি ও পৃষ্ঠপোষকতা দিয়ে বিএনপিই তাদেরকে পুনর্বাসন করেছে। বিএনপি আগুন-সন্ত্রাসের মত মরণঘাতী কর্মসূচির জনক।দেশের মানুষ ভালো আছে, শুধু ভালো নেই বিএনপি- এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, সাধারণ মানুষ আতঙ্কে নেই, বরং সন্ত্রাসী, অনিয়মকারী, দুর্নীতিবাজ এবং বিএনপির আশ্রয়-প্রশ্রয়দাতারা আতঙ্কে আছে। বিএনপি নেতারা অপরাধীদের জন্য মায়াকান্না কাঁদেন ।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

