এমএনএ খেলাধুলা ডেস্ক : চিরপ্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে ঐতিহাসিক অ্যাশেজ খেলতে নেমে হারের বৃত্তে ইংল্যান্ড। অন্যদিকে, সফরকারীদের বিপক্ষে টানা জয়ে ২-০ তে এগিয়ে গেল স্বাগতিক অস্ট্রেলিয়া।টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতার পরপরই অ্যাশেজ খেলতে নামে ক্যাঙ্গারু বাহিনী। যদিও মর্যাদার এই সিরিজটি শুরুর আগেই যৌন কেলেঙ্কারি ইস্যুতে লাল বলের অধিনায়ক টিম পেইনের সরে দাঁড়ানোর পর মোটামুটি ঝড় চলছিল অস্ট্রেলিয়ার ক্রিকেটাঙ্গনে। তবে এরপরই দলের হাল ধরেন অভিজ্ঞ পেসার প্যাট কামিন্স। তার নেতৃত্বে প্রথম টেস্টে বলতে গেলে ইংল্যান্ডকে উড়িয়ে দেয় স্বাগতিকরা।
তবে দ্বিতীয় টেস্টে নামার একদিন আগেই আবারও ধাক্কা। এবার করোনা বিধিনিষেধের কারণে ছিটকে যান খোদ অজি কাপ্তান। তার অনুপস্থিতিতে দায়িত্ব কাঁধে তুলে নেন ভাইস ক্যাপ্টেন স্টিভ স্মিথ। বল টেম্পারিং কেলেঙ্কারিতে একসময় নেতৃত্ব হারানোর পর আবারও দায়িত্ব পেয়েই বাজিমাত। নিজে সাফল্য পেলেন, দলও জিতল।
দ্বিতীয় তথা অ্যাডিলেডের দিবারাত্রীর টেস্টে চতুর্থ দিন রোববার (১৯ ডিসেম্বর) শেষেই হার অনুমিত ছিল ধুঁকতে থাকা ইংলিশদের। অপেক্ষা ছিল কেবল কতটা দীর্ঘ হয়। চতুর্থ দিন অজিদের দেওয়া ৪৬৮ রানের জবাবে ৮২ রানে ৪ উইকেট হারিয়ে দিন শেষ করে ইংল্যান্ড। শেষদিন তথা সোমবার (২০ ডিসেম্বর) জয়ের জন্য ইংল্যান্ডকে করতে হতো ৩৮৬ রান। কিন্তু শেষ পর্যন্ত অলআউট হয়ে গেছে ১৯২ রানে। ২৭৫ রানের বড় ব্যবধানের জয়ে সিরিজে ২-০তে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।
এদিকে, দ্বিতীয় টেস্ট চলাকালেই বাকি তিন টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করে দিয়েছে অস্ট্রেলিয়া। সোমবার (২০ ডিসেম্বর) ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পক্ষ থেকে এক বিবৃতিতে সিরিজের শেষ তিন ম্যাচের স্কোয়াড ঘোষণা করা হয়।মেলবোর্নে বক্সিং ডে টেস্ট দিয়ে দলে ফিরছেন অস্ট্রেলিয়ার নতুন টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স ও আরেক তারকা পেসার জশ হ্যাজলউড। বাজে পারফর্মেন্সের পরেও দলে জায়গা ধরে রেখেছেন ওপেনার মার্কাস হ্যারিস। ব্যাকআপ ব্যাটার হিসেবে রাখা হয়েছে শুধু উসমান খাজাকে।
বক্সিং ডে টেস্টের পর দুই দল পাড়ি জমাবে সিডনিতে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৫ জানুয়ারি শুরু হবে অ্যাশেজের চতুর্থ টেস্ট। অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টের ভেন্যু নির্ধারণ করা হয়েছে হোবার্টকে। ১৪ জানুয়ারি সেখানে শুরু হবে দিবারাত্রির পঞ্চম টেস্টটি।
শেষ তিন টেস্টে অস্ট্রেলিয়ার স্কোয়াড
প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, মার্কাস হ্যারিস, ট্রাভিস হেড, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, জাই রিচার্ডসন, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন ও ডেভিড ওয়ার্নার।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
