এমএনএ প্রতিবেদক
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশিদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে। এ বিষয়ে শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
তার চুক্তি বাতিলের পরপরই প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম. সিরাজউদ্দিন মিয়াকে নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সিরাজউদ্দিন মিয়াও বর্তমানে চুক্তিভিত্তিকভাবে প্রশাসনে দায়িত্ব পালন করছেন।
সরকারি গেজেট প্রজ্ঞাপন অনুযায়ী, তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ ১৫ ফেব্রুয়ারি থেকে বাতিল করা হয়েছে।
২০২৫ সালের অক্টোবর মাসে সরকার তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেয়। তিনি একই বছরের ১৪ অক্টোবর দায়িত্ব গ্রহণ করেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগের শর্ত অনুযায়ী তাকে সরকারি বা বেসরকারি অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে পেশাগত বা চাকরিগত সম্পর্ক ত্যাগ করতে হতো। নিয়োগের অন্যান্য শর্তাবলি চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হওয়ার কথা ছিল।
এর আগে, ২০২৪ সালের আগস্ট মাসে ড. শেখ আবদুর রশিদকে চুক্তিভিত্তিকভাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।
পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত থাকা অবস্থায় তিনি পদোন্নতি থেকে বঞ্চিত হন এবং পরবর্তীতে অবসর গ্রহণ করেন বলে জানা যায়।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার শেখ আবদুর রশিদসহ অবসরপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তাকে চুক্তিভিত্তিকভাবে নিয়োগ দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব প্রদান করে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

