এমএনএ প্রতিবেদক
পুলিশের শীর্ষ পর্যায়ে শিগগরই বেশ কিছু পরিবর্তন আসবে বলে ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
একইসঙ্গে তিনি জানিয়েছেন, চাঁদাবাজিকে কেন্দ্র করে রাজধানীর আদাবরে একটি এমব্রয়ডারি কারখানায় হামলার ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। ঘটনার তদন্ত করে দ্রুত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
আদাবরের ঘটনায় দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, একটি অফিসে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তাঁর কানে এসেছে। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ে পরিবর্তন আনা হবে কি না— এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “কিছু পরিবর্তন তো আসবেই,” তবে এ বিষয়ে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি।
এদিকে আসন্ন সংসদ অধিবেশন নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, সংবিধান অনুযায়ী অধিবেশন আহ্বানের কমপক্ষে ১৫ দিন আগে প্রজ্ঞাপন জারি করতে হয়। জাতীয় সংসদ সচিবালয় থেকে সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতির অনুমোদনের পর প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে অধিবেশন আহ্বান করা হবে।
তিনি জানান, আগামী ১২ মার্চ সংসদ অধিবেশন আহ্বানের সিদ্ধান্ত হয়েছে। ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা অধ্যাদেশসমূহ উপস্থাপন, শোক প্রস্তাব গ্রহণ এবং রাষ্ট্রপতির ভাষণ অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া সংসদের নিয়মিত কার্যক্রমও পরিচালিত হবে।
নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়টি অধিবেশনেই চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

