Don't Miss
Home / অর্থনীতি / জনপ্রতি সর্বনিম্ন সাদাকাতুল ফিতরের হার ১১০ টাকা, সর্বোচ্চ ২,৮০৫ টাকা নির্ধারণ

জনপ্রতি সর্বনিম্ন সাদাকাতুল ফিতরের হার ১১০ টাকা, সর্বোচ্চ ২,৮০৫ টাকা নির্ধারণ

এমএনএ প্রতিবেদক

ইসলামিক ফাউন্ডেশন চলতি বছর ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের জন্য সাদাকাতুল ফিতরের হার নির্ধারণ করেছে। জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার সংস্থাটির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দুপুরে জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভাটি অনুষ্ঠিত হয় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর সভাকক্ষে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক।

সভায় অন্যদের মধ্যে ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরস–এর গভর্নর মাওলানা মাহফুজুল হক, দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোহাম্মদ হারুনুর রশীদ, ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, মুহাদ্দিস ওয়ালিয়ুর রহমান খান, মুফাসসির মাওলানা মো. আবু সালেহ পাটোয়ারী, কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবুল কাশেম মো. ফজলুল হক, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী ও রেসিডেন্সিয়াল মডেল কলেজ জামে মসজিদের খতিব মাওলানা মহিউদ্দিন উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, ইসলামি শরিয়াহ অনুযায়ী আটা, যব, খেজুর, কিশমিশ ও পনির—এই পাঁচটি পণ্যের যেকোনো একটির মাধ্যমে সাদাকাতুল ফিতর আদায় করা যাবে।

হারগুলো হলো— গম বা আটা: অর্ধ সা (১ কেজি ৬৫০ গ্রাম) বা এর বাজার মূল্য ১১০ টাকা; যব: এক সা (৩ কেজি ৩০০ গ্রাম) বা ৫৯৫ টাকা; খেজুর: এক সা (৩ কেজি ৩০০ গ্রাম) বা ২ হাজার ৪৭৫ টাকা; কিশমিশ: এক সা (৩ কেজি ৩০০ গ্রাম) বা ২ হাজার ৬৪০ টাকা; পনির: এক সা (৩ কেজি ৩০০ গ্রাম) বা ২ হাজার ৮০৫ টাকা।

দেশের সব বিভাগ থেকে সংগৃহীত এসব পণ্যের খুচরা বাজার মূল্যের ভিত্তিতে ফিতরার হার নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে পণ্যের খুচরা মূল্যে তারতম্য রয়েছে। সে ক্ষেত্রে স্থানীয় বাজারদর অনুযায়ী মূল্য পরিশোধ করলেও সাদাকাতুল ফিতর আদায় হবে।

মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উল্লেখিত পণ্যগুলোর যেকোনো একটি বা তার সমমূল্য অর্থ প্রদান করে ফিতরা আদায় করতে পারবেন বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...