এমএনএ প্রতিবেদক
দীর্ঘ ১৭ বছর পর আয়োজিত জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় দুই ক্যাটাগরিতে মোট ৪৬ হাজার ২০০ জন শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ১৪ হাজার ৭০০ জন এবং সাধারণ ক্যাটাগরিতে ৩১ হাজার ৫০০ জন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় ফলাফল প্রকাশ করা হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট ৩ লাখ ১৫ হাজার ১৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ৪৬ হাজার ২০০ জনকে বৃত্তির জন্য মনোনীত করা হয়েছে।
বোর্ডভিত্তিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা
-
ঢাকা শিক্ষা বোর্ড: ট্যালেন্টপুলে ৩,৬৩৫ জন; সাধারণ বৃত্তি ৭,৭৯০ জন
-
ময়মনসিংহ শিক্ষা বোর্ড: ট্যালেন্টপুলে ৯৬৭ জন; সাধারণ ২,০৭৩ জন
-
রাজশাহী শিক্ষা বোর্ড: ট্যালেন্টপুলে ১,৯২৬ জন; সাধারণ ৪,১২৮ জন
-
কুমিল্লা শিক্ষা বোর্ড: ট্যালেন্টপুলে ১,৬৭৭ জন; সাধারণ ৩,৫৯৩ জন
-
সিলেট শিক্ষা বোর্ড: ট্যালেন্টপুলে ৯৪৮ জন; সাধারণ ২,০৩০ জন
-
বরিশাল শিক্ষা বোর্ড: ট্যালেন্টপুলে ৮৭৩ জন; সাধারণ ১,৮৭১ জন
-
যশোর শিক্ষা বোর্ড: ট্যালেন্টপুলে ১,৬৬২ জন; সাধারণ ৩,৫৬১ জন
-
চট্টগ্রাম শিক্ষা বোর্ড: ট্যালেন্টপুলে ১,২১০ জন; সাধারণ ২,৫৯৩ জন
-
দিনাজপুর শিক্ষা বোর্ড: ট্যালেন্টপুলে ১,৮০২ জন; সাধারণ ৩,৮৬১ জন
ফলাফল জানার পদ্ধতি
অনলাইন পদ্ধতি:
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল (২০২৬) প্রদান করলে ফল জানা যাবে।
এসএমএস পদ্ধতি:
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল পাওয়া যাবে।
বৃত্তির অর্থের পরিমাণ
ট্যালেন্টপুলে নির্বাচিত শিক্ষার্থীরা মাসিক ৪৫০ টাকা এবং সাধারণ ক্যাটাগরির শিক্ষার্থীরা মাসিক ৩০০ টাকা করে পাবে। এ বৃত্তি নবম ও দশম শ্রেণি পর্যন্ত, অর্থাৎ দুই বছর প্রদান করা হবে। এছাড়া বছরে এককালীন অতিরিক্ত অর্থও দেওয়া হবে।
উল্লেখ্য, গত বছরের ২৮ থেকে ৩০ ডিসেম্বর এবং চলতি বছরের ৬ জানুয়ারি দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ৬১১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
