Don't Miss
Home / নগর-মহানগর / শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজদের শিগগিরই আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজদের শিগগিরই আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এমএনএ প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের অতি শিগগিরই আইনের আওতায় আনা হবে। তবে কীভাবে এ অভিযান পরিচালিত হবে, সে পরিকল্পনা এখনই প্রকাশ করতে চান না তিনি। শিগগিরই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ শুরু হবে বলে জানান মন্ত্রী।

রোববার (১ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ রয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের পরিকল্পনা এখনই প্রকাশ করতে চাই না। কোনো অপরাধীই ছাড় পাবে না—তাদের আইনের মুখোমুখি করা হবে। এ বিষয়ে আমরা অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছি।”

চট্টগ্রামে সাম্প্রতিক গোলাগুলির ঘটনায় এক প্রশ্নের জবাবে তিনি জানান, একটি সন্ত্রাসী গোষ্ঠী দুই মাস আগে এক শীর্ষ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেছিল। পরবর্তীতে চট্টগ্রামের পুলিশ কমিশনার ওই ব্যবসায়ীর নিরাপত্তা নিশ্চিত করতে বাসভবনে পুলিশ প্রহরার ব্যবস্থা করেন। এতে কাঙ্ক্ষিত সুবিধা না পেয়ে একই গোষ্ঠী পুনরায় হামলার চেষ্টা চালায় এবং ভারী অস্ত্র ব্যবহার করে গোলাগুলি করে।

মন্ত্রী বলেন, “চট্টগ্রামের এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিষয়টি নিয়ে কাজ করছে।”

বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্য থাকলে সংশ্লিষ্টদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। তবে ঢালাও অভিযোগের জবাব দেওয়া সম্ভব নয়।

আগের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে স্থিতিশীলতা আসে এবং মানুষের মধ্যে শান্তি ও নিরাপত্তাবোধ জোরদার হয়।

x

Check Also

লাভজনক হয়েও ১০১ কোটি টাকা পরিশোধে বিএসসির গড়িমসি, বিপাকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম প্রতিনিধি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হওয়া সত্ত্বেও বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এখনো ১০১ কোটি টাকার ...