Don't Miss
Home / ভ্রমণ ও পরিবহন / ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে বহু যাত্রী, চরম অনিশ্চয়তা

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে বহু যাত্রী, চরম অনিশ্চয়তা

এমএনএ প্রতিবেদক

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে মোট ৫৪টি ফ্লাইট গতকাল শনিবার থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত বাতিল করা হয়েছে। উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এর ফলে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন বহু যাত্রী, যাঁদের অনেকে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

বিমানবন্দর সূত্র জানায়, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ কয়েকটি দেশ আকাশসীমা বন্ধ করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে ইউরোপসহ অন্যান্য অঞ্চলের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

রোববার দুপুরে বিমানবন্দরে গিয়ে দেখা যায়, মধ্যপ্রাচ্যগামী অনেক যাত্রী বিমানবন্দরের বাইরে অবস্থান করছেন। তাঁদের কয়েকজন জানান, ভিসার সীমিত মেয়াদের কারণে তাঁরা দুশ্চিন্তায় রয়েছেন। সরকারিভাবে থাকা–খাওয়ার ব্যবস্থা করার ঘোষণা দেওয়া হলেও অনেকে সেই সুবিধা পাননি বলে অভিযোগ করেন।

কুমিল্লা থেকে ওমানে যাওয়ার উদ্দেশ্যে আসা মো. সাগর জানান, গত শুক্রবার তিনি ঢাকায় আসেন এবং শনিবার তাঁর ফ্লাইট নির্ধারিত ছিল। কিন্তু ফ্লাইট বাতিল হওয়ায় তিনি যেতে পারেননি। তাঁর ভিসার মেয়াদ আর মাত্র ছয় দিন রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যেতে না পারলে ওমানে যাওয়া অনিশ্চিত হয়ে পড়বে বলে জানান তিনি। সরকার ঘোষিত সহায়তা না পাওয়ার অভিযোগও করেন তিনি।

বাতিল হওয়া দুটি ফ্লাইট রোববার বিকেলে যাত্রা করবে

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, গতকাল ঢাকা থেকে মদিনাগামী বিজি-৩৩৭ ফ্লাইটটি রোববার বিকেল চারটায় এবং জেদ্দাগামী বিজি-৩৩৫ ফ্লাইটটি রোববার সন্ধ্যা সাতটায় ছেড়ে যাবে। সংশ্লিষ্ট যাত্রীদের নির্ধারিত সময় অনুযায়ী বিমানবন্দরে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

অন্যদিকে ইউএস-বাংলা এয়ারলাইনস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা এবং ওমানের মাসকাটে তাদের ফ্লাইট রোববার থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। যাত্রীদের ফ্লাইটের অন্তত চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।

তবে মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহ এবং কাতারের রাজধানী দোহাগামী ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রেখেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। পরিস্থিতি স্বাভাবিক হলে সংশ্লিষ্ট যাত্রীদের সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানানো হয়েছে।

x

Check Also

কর কর্মকর্তাদের সততা, নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রিহ্যাবের

এমএনএ প্রতিবেদক কর কর্মকর্তাদের সততা, স্বচ্ছতা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ রিয়েল ...