Don't Miss
Home / রাজনীতি / রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
Untitled design - 1

রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি

রাজধানীতে নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম–কে এ নির্দেশনা দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

প্রেস সচিব জানান, সড়ক পরিবহন খাতের সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রীর বিস্তারিত আলোচনা হয়েছে। রাজধানীতে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বিশেষায়িত বাস সার্ভিস দ্রুত চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

একই দিনে প্রধানমন্ত্রী রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমান–এর সমাধিস্থলের সংস্কার ও উন্নয়নকাজ আসন্ন ঈদের আগেই শেষ করার নির্দেশনা গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীকে দেন।

১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচি

রাজধানীর গণপরিবহনব্যবস্থায় দ্রুত দৃশ্যমান পরিবর্তন আনতে ১৮০ দিনের একটি অগ্রাধিকার কর্মসূচি গ্রহণের কথা জানিয়েছেন শামসুল হক, অধ্যাপক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, প্রাথমিক কর্মসূচির লক্ষ্য হবে গণপরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নারীদের জন্য নিরাপদ ও আকর্ষণীয় বাসসেবা চালু করা। নারীচালক নিয়োগের বিষয়টিও বিবেচনায় রয়েছে। পাশাপাশি বিদ্যুৎচালিত বাস চালুর মাধ্যমে ধাপে ধাপে ডিজেলনির্ভর পরিবহনব্যবস্থা থেকে সরে এসে পরিবেশবান্ধব রূপান্তরের পরিকল্পনা গুরুত্ব পেয়েছে।

জোনভিত্তিক পাইলট ও সমন্বিত পরিবহন কাঠামো

শামসুল হক জানান, বাসব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠায় জোনভিত্তিক পাইলট কার্যক্রম চালুর বিষয়ে আলোচনা হয়েছে। কম বিনিয়োগে অধিক জনগোষ্ঠীকে সেবা দেওয়ার কৌশল এবং মেট্রোরেলের পরিপূরক হিসেবে অন্যান্য গণপরিবহনব্যবস্থার সমন্বয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, রাজধানীর ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত এলাকায় লাইট রেল ও মনোরেল চালুর সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী আগ্রহ প্রকাশ করেছেন। প্রায় আট-নয় মাস আগে থেকেই তিনি গণপরিবহন খাত সংস্কারে আগ্রহী ছিলেন। বিদেশে অবস্থানকালে উন্নত গণপরিবহনব্যবস্থা প্রত্যক্ষ করার অভিজ্ঞতা থেকে দেশে জনগণবান্ধব ও কার্যকর পরিবহন কাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তা তিনি উপলব্ধি করেছেন।

ঘিঞ্জি এলাকায় সম্প্রসারণের পরিকল্পনা

ঢাকায় মেট্রোরেল চালু হলেও পশ্চিম ও পূর্ব প্রান্তের অনেক ঘনবসতিপূর্ণ এলাকায় এখনও পর্যাপ্ত গণপরিবহন সুবিধা নেই। বাসাবো, গোড়ান, মাদারটেক ও পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকায় নিয়মিত বাসসেবার ঘাটতি রয়েছে বলে জানান শামসুল হক। এ প্রেক্ষাপটে মেট্রোরেলের পাশাপাশি লাইট রেল, মনোরেল, বাস রুট ফ্র্যাঞ্চাইজি, বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) ও সাধারণ বাস মিলিয়ে একটি সমন্বিত পরিবহন কাঠামো গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, রাজধানীর ওপর চাপ কমাতে রেলভিত্তিক আন্তঃনগর যোগাযোগব্যবস্থা জোরদার করার পরিকল্পনাও রয়েছে। দ্রুতগতির ট্রেন চালু করা গেলে চট্টগ্রামসহ অন্যান্য অঞ্চলের সঙ্গে যোগাযোগ সহজ হবে এবং ঢাকার ওপর চাপ কমবে।

আলোচনার ভিত্তিতে একটি সমীক্ষা প্রতিবেদন প্রস্তুত করে দ্রুত জমা দেওয়ার কথা রয়েছে। সরকার গণপরিবহনব্যবস্থাকে সমন্বিত, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব রূপে গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নিতে আগ্রহী বলেও জানান তিনি।

x

Check Also

পরীক্ষাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিরোধীদলীয় নেতার আহ্বান

এমএনএ প্রতিবেদক পরীক্ষাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও ...