Don't Miss
Home / আজকের সংবাদ / কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯:৪০টা পর্যন্ত অফিস কক্ষে থাকা বাধ্যতামূলক: মন্ত্রিপরিষদ বিভাগ

কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯:৪০টা পর্যন্ত অফিস কক্ষে থাকা বাধ্যতামূলক: মন্ত্রিপরিষদ বিভাগ

বিশেষ প্রতিনিধি

২ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা পরিপত্র অনুযায়ী, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারীকে প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিস কক্ষে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হবে। সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা বৃদ্ধি, প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং আন্তঃদপ্তর সমন্বয় জোরদার করাই এ নির্দেশনার উদ্দেশ্য। এর আগে ২০১৯ ও ২০২১ সালেও একই বিষয়ে পরিপত্র জারি করা হয়েছিল।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পরিপত্রে উল্লেখ করা হয়, অফিসে আসার পথে বিভিন্ন দাপ্তরিক বা ব্যক্তিগত কর্মসূচিতে সম্পৃক্ত থাকার কারণে অনেক কর্মকর্তা নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকেন না। ফলে নাগরিক সেবা প্রদান, দাপ্তরিক যোগাযোগ এবং প্রশাসনিক গতিশীলতা ব্যাহত হয়, যা সরকারের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

পরিপত্রে আরও বলা হয়েছে, ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ এবং ‘সচিবালয় নির্দেশমালা, ২০২৪’ অনুযায়ী নির্ধারিত সময়ে দপ্তরে উপস্থিতি ও প্রস্থান নিশ্চিত করা বাধ্যতামূলক। দাপ্তরিক কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রেও সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট সময়সীমা যেন বিঘ্নিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। লিখিত অনুমতি ছাড়া অফিস সময়ে কর্মস্থল ত্যাগ করা যাবে না বলেও স্পষ্ট করা হয়েছে।

তবে কয়েকটি ক্ষেত্রে এ বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না। এর মধ্যে রয়েছে—শিক্ষা বা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত নন এমন শিক্ষক-অনুষদ সদস্য, হাসপাতাল বা নিরাপত্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রোস্টার ডিউটিতে থাকা কর্মকর্তা-কর্মচারী, জরুরি গ্রাহকসেবায় সম্পৃক্ত কর্মী, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ভিভিআইপি/ডিআইপি প্রোটোকল, বড় দুর্ঘটনা মোকাবিলা বা অনুমোদিত সরকারি সফরের মতো বিশেষ দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিয়মিত সকাল ৯টার আগেই সচিবালয়ে উপস্থিত হচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

এদিকে বুধবার (৪ মার্চ) সকালে সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল। সকাল ৯টার আগে সেখানে পৌঁছে তিনি দেখেন, নির্ধারিত সময়ে কোনো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত নেই এবং অফিস তালাবদ্ধ। প্রায় ৩০ মিনিট অপেক্ষার পর কার্যালয় খোলা হলে তিনি ভেতরে প্রবেশ করেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, সকাল ৯টায় অফিস খোলার কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি; একজন কর্মকর্তা পৌনে দশটায় এবং আরেকজন দশটার পরে উপস্থিত হন। এ বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন ভূমি অফিসে জনবল সংকট, অভিযোগ এবং বিশেষ করে দুর্নীতির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এসব বিষয় তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী অভিযোগ করেন, সেবাদানকারী কর্মকর্তা ও সেবাগ্রহীতাদের মধ্যে যোগাযোগের ঘাটতি রয়েছে এবং অনেক ক্ষেত্রে নাগরিকদের কাজের সময়সীমা সম্পর্কে সঠিকভাবে জানানো হয় না। আমলাতান্ত্রিক মনোভাব কাটিয়ে নাগরিকমুখী প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে সারাদেশে পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

x

Check Also

কর কর্মকর্তাদের সততা, নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রিহ্যাবের

এমএনএ প্রতিবেদক কর কর্মকর্তাদের সততা, স্বচ্ছতা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ রিয়েল ...