Don't Miss
Home / মানবাধিকার / ইরানে যাঁকেই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করুক, তাঁকে হত্যার নিশানা বানানো হবে: ইসরায়েল কাৎজ

ইরানে যাঁকেই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করুক, তাঁকে হত্যার নিশানা বানানো হবে: ইসরায়েল কাৎজ

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। তাঁর উত্তরসূরি নির্বাচনের প্রস্তুতি চলার মধ্যেই ইসরায়েলের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি এসেছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ইরানের শাসকগোষ্ঠী যাঁকেই নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করুক না কেন, তাঁকে হত্যার নিশানা বানানো হবে। তাঁর দাবি, ইসরায়েলকে ধ্বংসের হুমকি ও আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

গত শনিবার তেহরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হন বলে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার তীব্র সমালোচনা করেছে রাশিয়া ও চীন। চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই ইসরায়েলকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে—এমন কোনো প্রমাণ মস্কোর কাছে নেই।

এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে তিন দিনব্যাপী আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে। স্থানীয় সময় বুধবার রাত ১০টা থেকে এ কর্মসূচি শুরু হবে। জানাজার চূড়ান্ত সময়সূচি পরে জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরি চার্লস ডি গল পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, সমুদ্রপথে জাহাজ চলাচল নিরাপদ রাখতে একটি আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা চলছে। বিশেষ করে হরমুজ প্রণালি, সুয়েজ খাল ও লোহিত সাগর অঞ্চলে ক্রমবর্ধমান সংঘাতের কারণে বাণিজ্যিক নৌচলাচল হুমকির মুখে পড়েছে বলে তিনি উল্লেখ করেন।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, ইরানে হামলায় ৫০ হাজারের বেশি মার্কিন সেনা, ২০০ যুদ্ধবিমান, দুটি বিমানবাহী রণতরি এবং একাধিক বোমারু বিমান অংশ নিচ্ছে।

তিনি এ অভিযানকে “কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ সামরিক প্রস্তুতি” হিসেবে উল্লেখ করেন। তাঁর দাবি, ১৭টি ইরানি জাহাজ ধ্বংস করা হয়েছে এবং ইরানের নৌক্ষমতা ব্যাপকভাবে দুর্বল করা হচ্ছে। সমুদ্র, আকাশ ও সাইবারস্পেস—সব ক্ষেত্রেই অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

x

Check Also

আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ...