এমএনএ প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রী ও দলীয় সংসদ সদস্যদের চলনে–বলনে মার্জিত এবং বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। বুধবার (১১ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য জানান, গণমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রেও মন্ত্রী ও এমপিদের সতর্ক থাকার কথা বলেন প্রধানমন্ত্রী। বিশেষ করে যাঁর যে দায়িত্ব, তার বাইরে যেন কেউ মন্তব্য না করেন—এ বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
বেলা সোয়া ১১টায় শুরু হয়ে বিরতিহীনভাবে দুপুর ১টা পর্যন্ত সভা চলে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভায় স্বাগত বক্তব্য দেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। পরে বক্তব্য দেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুর ইসলাম আলমগীল এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
সংসদীয় দলের প্রথম সভায় বিএনপির ২০৯ জন সংসদ সদস্য অংশ নেন।
জুলাই জাতীয় সনদের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, সনদের কিছু বিষয়ে বিভিন্ন পক্ষের ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে। তবে যেসব বিষয় বাস্তবায়নযোগ্য, সরকার সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেবে।
দৈনন্দিন জীবনযাপনে কৃচ্ছ্রসাধনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি—বিশেষ করে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উত্তেজনা—বিশ্ব অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে। এর প্রভাব বাংলাদেশেও পড়তে পারে।
সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী দলের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি ও আগামী দিনের করণীয় বিষয়ে মন্ত্রী ও এমপিদের দিকনির্দেশনা দেন।
সভায় বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি নিয়ে কথা বলেন তারেক রহমান। তিনি বলেন,
“ভোটের আঙুলের কালির দাগ মোছার আগেই আমরা প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি। এটাই হচ্ছে বিএনপি। এই বিএনপিকেই মানুষ দেখতে চায়।”
তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু করা হবে।
সামনে ডেঙ্গুর মৌসুম আসায় পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি যতটুকুতে সম্মত হয়েছে, সরকার ততটুকুই বাস্তবায়ন করবে।
সভায় মন্ত্রিসভার তরুণ সদস্যদের নিয়মিত ও সময়মতো অফিসে উপস্থিত থাকার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিশেষ করে তরুণ মন্ত্রীদের সকাল ৯টার মধ্যে অফিসে যেতে হবে।
অফিসে যাওয়া–আসার ক্ষেত্রে ট্রাফিক আইন মেনে চলার পরামর্শও দেন তিনি। প্রধানমন্ত্রী নিজেও ট্রাফিক আইন মেনে চলেন বলে সভায় উল্লেখ করা হয়।
স্পিকার নির্বাচন প্রধানমন্ত্রীর ওপর
সভায় জাতীয় সংসদের নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের দায়িত্ব সংসদ নেতা তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়।
জানা গেছে, আগামী বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদের অধিবেশন শুরু হবে। অধিবেশন শুরুর পর দুই দিন বিরতি থাকবে। এরপর ১৫ মার্চ আবার সংসদ বসবে। ঈদুল ফিতরের পর ২৯ মার্চ পুনরায় অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

