Don't Miss
Home / আইনশৃঙ্খলা ও অপরাধ / ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএমপির কড়াকড়ি: লক্কড়-ঝক্কড় বাস চলবে না, অতিরিক্ত পুলিশ মোতায়েন

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএমপির কড়াকড়ি: লক্কড়-ঝক্কড় বাস চলবে না, অতিরিক্ত পুলিশ মোতায়েন

এমএনএ প্রতিবেদক

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী থেকে দেশের বিভিন্ন জেলায় যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ঈদযাত্রায় লক্কড়-ঝক্কড় বা ত্রুটিপূর্ণ বাস রাস্তায় নামানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সারওয়ার।

শনিবার (১৪ মার্চ) দুপুরে রাজধানীর বৃহত্তর বাস টার্মিনালে আয়োজিত ‘ঈদযাত্রা নির্বিঘ্নে ও চাঁদামুক্ত করার লক্ষ্যে মালিক-শ্রমিক মতবিনিময় সভা’তে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. সারওয়ার বলেন, কোনোভাবেই লক্কড়-ঝক্কড় বাস রাস্তায় নামানো যাবে না। কোনো বাস বিকল হয়ে গেলে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যাত্রীদের দুর্ভোগ বাড়ে। তাই ত্রুটিপূর্ণ বাস চলাচল করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, বাসের ছাদে যাত্রী বহন, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো এবং অসুস্থ চালক দিয়ে গাড়ি চালানো কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

যাত্রীসেবা বাড়াতে বাস টার্মিনালগুলোতে হেল্পডেস্ক চালু রাখা হবে বলেও জানান তিনি। সেখানে বাসের ভাড়া তালিকা ও সময়সূচি টানিয়ে রাখতে হবে। অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি কিংবা যাত্রী হয়রানির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

নিরাপত্তা জোরদারে ঈদকে কেন্দ্র করে বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেলস্টেশন এলাকায় অতিরিক্ত ৮০০ থেকে ৯০০ ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে। পাশাপাশি সাদা পোশাকের পুলিশ, ডিবি, কাউন্টার টেরোরিজম ইউনিট, সোয়াট টিম এবং ডগ স্কোয়াড বিভিন্ন টার্মিনালে দায়িত্ব পালন করবে। ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রাখতে মাঠে থাকবে ম্যাজিস্ট্রেট টিমও।

ডিএমপি কমিশনার বলেন, ঈদযাত্রা সহজ করতে সরকার আগামী ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে। এতে যাত্রীদের চাপ কয়েক দিনে ভাগ হয়ে যাবে। ফলে ১৬ থেকে ২০ মার্চের মধ্যে প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ লাখ মানুষ ঢাকা ছাড়তে পারবেন।

তিনি জানান, ঈদের ছুটিতে এক কোটির বেশি মানুষ ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় যাবেন। অন্যদিকে প্রায় ২০ থেকে ২৫ লাখ মানুষ ঢাকায় প্রবেশ করবেন। এই বিপুল যাত্রীর চাপ সামাল দিতে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে সমন্বয় করে পরিকল্পনা নেওয়া হয়েছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে ঈদের আগে ও পরে মহাসড়কে ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচলও সীমিত রাখা হবে বলে জানান তিনি। বিশেষ করে চট্টগ্রাম বন্দর থেকে অপ্রয়োজনীয় পণ্যবাহী ট্রাক মহাসড়কে না নামানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

মো. সারওয়ার বলেন, যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে পুলিশ, পরিবহন মালিক-শ্রমিক এবং সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। এ ছাড়া ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সাইফুল আলম বাতেন এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব আব্দুর রহিম বক্স দুদু উপস্থিত ছিলেন।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...