Don't Miss
Home / আজকের সংবাদ / সারাদেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ, প্রক্রিয়ায় কিছু জটিলতা

সারাদেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ, প্রক্রিয়ায় কিছু জটিলতা

সংসদ প্রতিবেদক

সারাদেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। তবে যোগ্যতা ও সনদসংক্রান্ত কিছু জটিলতার কারণে নিয়োগ প্রক্রিয়াটি কিছুটা বিলম্বিত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম. এহছানুল হক মিলন।

তিনি বলেন, এসব জটিলতা দ্রুত সমাধান করে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।

রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বেলা ১১টায় সংসদের বৈঠক শুরু হয়।

বিএনপি দলীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ধর্মীয় শিক্ষক নিয়োগে কারিআনা পাসধারীদের সুযোগ দেওয়া হবে। তিনি জানান, ইসলাম ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। যোগ্য শিক্ষক নিয়োগের মাধ্যমে ধর্মীয় শিক্ষার মান নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

এছাড়া এনসিপির হাসনাত আবদুল্লাহ’র প্রশ্নের জবাবে মন্ত্রী পূর্ববর্তী সরকারের চালু করা ‘ভর্তি লটারি’ পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন। তার মতে, ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়। আগামী শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া নির্ধারণে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে একটি যুগোপযোগী পদ্ধতি চালুর পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী আরও জানান, ইংরেজি মাধ্যমের স্কুলগুলোকে সরকারি নজরদারির আওতায় আনা এবং ইবতেদায়ী ও কওমি মাদরাসাসহ সব শিক্ষা ব্যবস্থাকে একটি সমন্বিত কাঠামোর মধ্যে আনার কাজ চলমান রয়েছে।

সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেনের লিখিত প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে দেশে মোট ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়টি প্রয়োজনীয়তার ভিত্তিতে বিবেচনা করা হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য নতুন করে আবেদন আহ্বান করা হবে এবং আগের আবেদনগুলোও পুনরায় যাচাই-বাছাই করা হবে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...