Don't Miss
Home / আইনশৃঙ্খলা ও অপরাধ / নদীতীরে নিখোঁজ যাত্রীদের স্বজনদের আহাজারি

নদীতীরে নিখোঁজ যাত্রীদের স্বজনদের আহাজারি

রাজবাড়ী প্রতিবেদক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে একটি মর্মান্তিক দুর্ঘটনায় সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে।

বুধবার (২৪ মার্চ) বিকেল প্রায় ৫টার দিকে ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে তলিয়ে যায়। বাসটিতে প্রায় অর্ধশতাধিক যাত্রী ছিলেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী জাহাজ ‘হামজা’, ফায়ার সার্ভিসের সদস্য এবং মানিকগঞ্জ ও ফরিদপুরের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে রাত ৮টার পর শুরু হওয়া ঝড়-বৃষ্টির কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নদীতীরে নিখোঁজ যাত্রীদের স্বজনদের আহাজারি বাড়তে থাকে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি ফেরিতে উঠতে গিয়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ সময় ১১ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অধিকাংশ যাত্রী নিখোঁজ রয়েছেন।

স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ জানান, খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তবে উদ্ধারকারী জাহাজ পৌঁছাতে দেরি হওয়ায় ক্ষুব্ধ স্বজনরা কিছুটা উত্তেজনা সৃষ্টি করেন এবং ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর হামলার চেষ্টা চালান। পরে পুলিশ, সেনাবাহিনী, নৌ পুলিশ ও প্রশাসনের অন্যান্য সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনাস্থলে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

বেঁচে ফেরা যাত্রী আইন উদ্দিন জানান, তিনি পরিবারসহ ঢাকার সাভারে যাচ্ছিলেন। পরিবারের সবাই বেঁচে গেলেও তার মেয়ে বাসের ভেতরে আটকে রয়েছে। অন্যদিকে, এক স্বজন জানান তার ছোট বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে ভাগনে ও নাতি এখনও নিখোঁজ।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজনকে আনা হলে তাদের মধ্যে দুজন নারী—মর্জিনা ও রেহেনা—নিহত বলে নিশ্চিত করা হয়েছে। এখন পর্যন্ত মোট দুইজনের মরদেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় নিখোঁজদের তথ্য জানার জন্য জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের নম্বর: ০১৭৩৩৩৩৬৪০৯।

x

Check Also

লাভজনক হয়েও ১০১ কোটি টাকা পরিশোধে বিএসসির গড়িমসি, বিপাকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম প্রতিনিধি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হওয়া সত্ত্বেও বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এখনো ১০১ কোটি টাকার ...