Don't Miss
Home / আজকের সংবাদ / জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে ১১–দলীয় ঐক্যের দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে ১১–দলীয় ঐক্যের দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

এমএনএ প্রতিবেদক

জুলাই জাতীয় সনদের আলোকে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সারা দেশে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মগবাজারে অবস্থিত আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এতে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস-এর আমির মাওলানা মামুনুল হক।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী— ৯ থেকে ১৫ এপ্রিল: সারা দেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ, যার উদ্বোধন হবে রাজধানীর শাহবাগ এলাকায়। ১১ এপ্রিল সব মহানগরী, উপজেলা ও থানায় বিক্ষোভ মিছিল; ১২ এপ্রিল জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল; এবং ১৩ এপ্রিল ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, কাকরাইল-এ জাতীয় সেমিনার।

সংবাদ সম্মেলনটি পরিচালনা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন— মিয়া গোলাম পরওয়ার, সেক্রেটারি জেনারেল, জামায়াত; আহমদ আবদুল কাদের, মহাসচিব, খেলাফত মজলিস; সারজিস আলম, এনসিপি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক; আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, এনসিপি; আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক, এবি পার্টি; রাশেদ প্রধান, মুখপাত্র, জাগপা এবং মোস্তাফিজুর রহমান ইরান, চেয়ারম্যান, বাংলাদেশ লেবার পার্টি।

এর আগে একই দিনে সকাল ১০টা থেকে আল-ফালাহ মিলনায়তনে সংবিধান সংস্কার পরিষদের একটি অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানে ১১ দলের শীর্ষ নেতারা গণভোটের রায় বাস্তবায়ন, চলমান জ্বালানি সংকটসহ বিভিন্ন জাতীয় ইস্যু নিয়ে আলোচনা করেন।

সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আযাদ জানান, সংসদে গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসায় ১১ দলীয় জোট ধারাবাহিক আন্দোলনের প্রস্তুতি নিয়েছে।

অন্যদিকে মাওলানা মামুনুল হক সরকারের সমালোচনা করে বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার সংক্রান্ত সিদ্ধান্তগুলো প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপেক্ষা করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত ১১ দল রাজপথে আন্দোলন চালিয়ে যাবে।

এই কর্মসূচির মাধ্যমে জোটটি তাদের দাবির পক্ষে জনমত গড়ে তোলার পাশাপাশি সরকারকে চাপ প্রয়োগের কৌশল নিয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

x

Check Also

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে পদক্ষেপ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

সংসদ প্রতিবেদক স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের অংশ হিসেবে দেশে ...