Don't Miss
Home / প্রচ্ছদ / যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি খোলার ঘোষণায় তেলের দামে বড় পতন, শেয়ারবাজারে উত্থান

যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি খোলার ঘোষণায় তেলের দামে বড় পতন, শেয়ারবাজারে উত্থান

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সাময়িকভাবে খুলে দেওয়ার ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে। একই সঙ্গে বৈশ্বিক শেয়ারবাজারগুলোতে ফিরে এসেছে ইতিবাচক প্রবণতা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

যুদ্ধবিরতির খবর প্রকাশের পরপরই বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১৫ ডলারের বেশি কমে বর্তমানে ৯৩ দশমিক ৮২ ডলারে নেমে এসেছে। এশীয় বাজারে একপর্যায়ে দাম ৯১ দশমিক ৭ ডলারে নেমে যায়। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর আগে তেলের দাম ছিল প্রায় ৭২ ডলার।

বিনিয়োগকারীদের আস্থার পুনরুদ্ধারের ফলে বিশ্বের প্রধান শেয়ারবাজারগুলোতে উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে। জাপানের নিক্কেই ২২৫ সূচক ৫ দশমিক ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ কোরিয়ার কসপি সূচক বেড়েছে ৭ দশমিক ৭ শতাংশ এবং অস্ট্রেলিয়ার বাজার ২ দশমিক ৫৫ শতাংশ উঁচুতে উঠেছে। এছাড়া হংকংয়ের হ্যাং সেং সূচক ৩ শতাংশ এবং চীনের শেনচেন কম্পোজিট সূচক ৪ শতাংশ বেড়েছে।

ইউরোপীয় বাজারেও একই ধারা অব্যাহত রয়েছে। বুধবার সকালে ব্রিটেনের এফটিএসই ১০০ সূচক ২ দশমিক ৬ শতাংশ, জার্মানির ড্যাক্স ৫ দশমিক ২ শতাংশ এবং ফ্রান্সের সিএসি সূচক ৪ দশমিক ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, এই যুদ্ধবিরতি সাময়িকভাবে হলেও ভূরাজনৈতিক ঝুঁকি কমিয়েছে। হারগ্রেভস ল্যান্সডাউনের সিনিয়র ইক্যুইটি বিশ্লেষক ম্যাট ব্রিটজম্যান বলেন, এই পরিস্থিতি ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি সম্মানজনক প্রস্থান পথ তৈরি করেছে এবং তাৎক্ষণিক উত্তেজনা হ্রাস করেছে।

তবে শিপিং খাতে সতর্কতা এখনো কাটেনি। ড্যানিশ শিপিং জায়ান্ট মায়ার্স্ক জানিয়েছে, তারা হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের সিদ্ধান্ত নেওয়ার আগে নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং আপাতত সতর্ক অবস্থান বজায় রাখবে।

অন্যদিকে বিনিয়োগ বিশ্লেষকদের মতে, স্বস্তির আভাস থাকলেও অনিশ্চয়তা এখনো পুরোপুরি কাটেনি। সাক্সো ব্যাংকের প্রধান বিনিয়োগ কৌশলবিদ চারু চানানা এবং ডাচ ব্যাংকের বিশ্লেষক জিম রিড মনে করেন, ইসলামাবাদে আলোচনার অগ্রগতি এবং হরমুজ প্রণালির কার্যকরভাবে খোলা থাকা—এই দুটি বিষয়ই আগামী দিনের বাজার পরিস্থিতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

x

Check Also

বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্স আজ গুরুত্বপূর্ণ চালিকাশক্তিতে পরিণত হয়েছে: রাষ্ট্রপতি

এমএনএ প্রতিবেদক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্স আজ যে গুরুত্বপূর্ণ চালিকাশক্তিতে পরিণত হয়েছে, ...