এমএনএ প্রতিবেদক
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুবিধাজনক সময়ে মালয়েশিয়া সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। এই আমন্ত্রণের মাধ্যমে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ পেয়েছে।
পুত্রাজায়ায় অনুষ্ঠিত এক বৈঠকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সাক্ষাৎ করেন। এ সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো আমন্ত্রণ বার্তা পৌঁছে দেন। বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন এবং মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারও উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী তারেক রহমানকে সাম্প্রতিক নির্বাচনে বিজয়ের জন্য অভিনন্দন জানান। তিনি গণতান্ত্রিক অগ্রগতিতে তারেক রহমানের ভূমিকার প্রশংসা করেন এবং বাংলাদেশের ধারাবাহিক আর্থ-সামাজিক উন্নয়নের কথাও উল্লেখ করেন।
এ সময় মাহদি আমিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে একটি বিশেষ চিঠি হস্তান্তর করেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

