Don't Miss
Home / অর্থনীতি / বাজেটে ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ আসছে না: বাণিজ্যমন্ত্রী

বাজেটে ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ আসছে না: বাণিজ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক

আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো অতিরিক্ত চাপ বা নেতিবাচক পদক্ষেপ নেওয়া হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘প্রাক-বাজেট আলোচনা ২০২৬–২৭: বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), চ্যানেল ২৪ এবং দৈনিক সমকাল যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

বাণিজ্যমন্ত্রী বলেন, রাজস্ব ব্যবস্থায় শৃঙ্খলা আনতে করের আওতা বাড়ানো জরুরি। তবে এজন্য ব্যক্তিশ্রেণির ওপর করের হার বাড়ানো হচ্ছে না; বরং নতুন করদাতা অন্তর্ভুক্তির মাধ্যমে করের পরিধি বিস্তৃত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, জাতীয় রাজস্ব বোর্ড ও অর্থ মন্ত্রণালয়ের নেওয়া উদ্যোগের ইতিবাচক ফল আগামী বাজেট ও পরবর্তী সময়ে দৃশ্যমান হবে। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, তাদের ওপর কোনো ‘খড়গ’ নামছে—এমন ধারণার বাস্তব ভিত্তি নেই।

অর্থমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, অর্থমন্ত্রী একজন ব্যবসাবান্ধব ব্যক্তি এবং দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা সম্পর্কে তার সুস্পষ্ট ধারণা রয়েছে।

বেসরকারি খাতের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সরকার ও ব্যবসায়ী সমাজ একসঙ্গে কাজ করলে দেশের অর্থনীতি আরও এগিয়ে যাবে।

ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য মনজুর হোসেন, আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, ডিসিসিআইয়ের সাবেক সভাপতি শামস মাহমুদ ও রিজওয়ান রাহমান, আইসিএমএবি সভাপতি মো. কাওসার আলম, আইসিএবি সভাপতি এন কে এ মবিন, ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম এবং ইউসিবির চেয়ারম্যান শরীফ জহীরসহ সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে ডিসিসিআই ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকা নির্ধারণ এবং সর্বোচ্চ করহার ২৫ শতাংশ করার প্রস্তাব দেয়। পাশাপাশি তালিকাভুক্ত নয় এমন কোম্পানির করহার তালিকাভুক্ত কোম্পানির সমপর্যায়ে (২৫ শতাংশ) নির্ধারণ এবং সম্পূর্ণ স্বয়ংক্রিয় করপোরেট কর রিটার্ন ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়।

x

Check Also

দীর্ঘ ২৫ বছরেও শেষ হয়নি রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানে হামলা মামলার বিচার

বিশেষ প্রতিবেদন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে যখন সারাদেশে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে, তখনও অনেকের মনে ফিরে ...