Don't Miss
Home / প্রচ্ছদ / নওগাঁয় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা, জমিজমা সংক্রান্ত বিরোধের জের, দাবি পুলিশের

নওগাঁয় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা, জমিজমা সংক্রান্ত বিরোধের জের, দাবি পুলিশের

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, প্রাথমিকভাবে এটি ডাকাতি নয়, বরং জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হত্যাকাণ্ড হতে পারে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “ঘটনাটি ডাকাতির মতো মনে হচ্ছে না। নিহত গৃহবধূর কানে এখনও স্বর্ণালংকার রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বা জমিজমা সংক্রান্ত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে।” তিনি আরও জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক ইউনিট একযোগে কাজ করছে এবং দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তারা হলেন—নিহত হাবিবুর রহমানের বাবা নমির উদ্দিন (৭০), বোন ডালিমা ও হালিমা এবং ভাগনে সবুজ রানা (২৫)।

এর আগে সোমবার (২০ এপ্রিল) মধ্যরাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের একটি বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন—হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) এবং তিন বছরের মেয়ে সাদিয়া আক্তার। নিহতরা সবাই একই পরিবারের সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাড়ির ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। ফজরের নামাজের পর ঘরের দরজা খোলা দেখে সন্দেহ হলে প্রতিবেশীরা ভেতরে প্রবেশ করে তাদের রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নিহত হাবিবুর রহমানের পরিবারের সঙ্গে তার বোন শিরিনার বিরোধ চলছিল। এ নিয়ে এর আগেও হুমকির অভিযোগ ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

নিহত পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন অভিযোগ করে বলেন, তার মেয়ের ননদ শিরিনা এবং তার ছেলে সবুজ রানা এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন। তিনি দাবি করেন, এর আগেও তারা তার মেয়ে ও জামাইকে হত্যার চেষ্টা করেছিলেন।

পুলিশ জানিয়েছে, অভিযোগগুলো গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এদিকে এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

x

Check Also

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য বিসিবি’র ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা

খেলাধুলা প্রতিবেদক নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা ...