চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল প্রায় ৯টা ১৫ মিনিটে উপজেলার চুনতি এলাকার জাঙ্গালিয়া চেকপোস্ট সংলগ্ন স্থানে দুর্ঘটনাটি ঘটে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করে জানান, কক্সবাজার থেকে খাগড়াছড়িগামী একটি মাইক্রোবাস চুনতি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি সড়কের পাশের একটি গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়, এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
স্থানীয়দের বরাতে জানা গেছে, দুর্ঘটনার পরপরই আহত পাঁচজনকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার ফিরোজ খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি, তবে তারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

