Don't Miss
Home / আইনশৃঙ্খলা ও অপরাধ / নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্ট গঠন, কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবি

নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্ট গঠন, কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবি

এমএনএ প্রতিবেদক

সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, গ্রেফতার, অ্যাক্রেডিটেশন বাতিল এবং বিভিন্ন পেশাগত নিপীড়নের প্রতিবাদে নতুন সংগঠন ‘সাংবাদিক নির্যাতন-নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্ট’ আত্মপ্রকাশ করেছে।

একই সঙ্গে সংগঠনটি অবিলম্বে কারাবন্দি সাংবাদিকদের মুক্তি, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা প্রত্যাহার এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবি জানিয়েছে।

সংগঠনের নেতারা অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ওপর নির্যাতন বৃদ্ধি পায়, যার শিকার হন গণমাধ্যমকর্মীরাও। তাদের দাবি, এ সময় সারাদেশে পাঁচ শতাধিক সাংবাদিকের বিরুদ্ধে ‘গায়েবি’ হত্যা মামলা দায়ের করা হয়েছে, অর্ধশতাধিক সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে, ১৬৮ জন পেশাদার সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে এবং জাতীয় প্রেস ক্লাব থেকে শতাধিক সদস্যের সদস্যপদ বাতিল বা স্থগিত করা হয়েছে।

এ প্রেক্ষাপটে সোমবার রাত ৮টায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত সাংবাদিকদের এক সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনটির ১০১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে আকতার হোসেনকে আহ্বায়ক এবং শেখ জামালকে সদস্য সচিব করা হয়েছে।

এ ছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশরাফুল ইসলাম ও জাকির হোসেন ইমন।

সভায় বক্তারা বলেন, স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকার রক্ষায় সকল পেশাদার সাংবাদিককে ঐক্যবদ্ধ হতে হবে। তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

সংগঠনের নেতারা জানিয়েছেন, খুব শিগগিরই পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা করা হবে এবং সারাদেশে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে কাজ শুরু করা হবে।

x

Check Also

শাহজালাল-শাহপরাণ মাজারের দান-অনুদানের হিসাব চায় প্রশাসন, স্বচ্ছতা নিশ্চিতে উদ্যোগ জেলা প্রশাসনের

সিলেট প্রতিনিধি দেশের অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে পরিচিত সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ ...