এমএনএ প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (২ মে) একদিনের সফরে সিলেট যাচ্ছেন। সফরসূচিতে রয়েছে ধর্মীয় স্থান জিয়ারত, উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, ক্রীড়া অনুষ্ঠানে অংশগ্রহণ এবং দলীয় সভায় যোগদান।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন তিনি।
এরপর বেলা ১১টায় সিলেট সার্কিট হাউস সংলগ্ন চাঁদনী ঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং সেখানে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। দুপুর ১২টায় সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে তার।
বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজিত শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন ক্রীড়া স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত দলীয় সভায় যোগ দেবেন তিনি।
সরকারি সূত্র জানিয়েছে, সফরকালে প্রধানমন্ত্রী স্থানীয় উন্নয়ন কার্যক্রম তদারকি করবেন এবং চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করবেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

