এমএনএ প্রতিবেদক
একদিনের সংক্ষিপ্ত সফরে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সিলেট সফর।
শনিবার (২ মে) সকাল ১০টার দিকে তাকে বহনকারী ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে।
এদিকে সকাল থেকেই সিলেটে বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনভর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে প্রতিকূল আবহাওয়াতেও প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচিতে কোনো পরিবর্তন আসছে না বলে জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। তার ভাষ্য অনুযায়ী, সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে এবং কর্মসূচি যথাসময়ে অনুষ্ঠিত হবে।
সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী। এরপর বেলা ১১টায় নগরের সুরমা নদীর তীরবর্তী চাঁদনীঘাট এলাকায় সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে অংশ নেন।
দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া নদী পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে। বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়াম-এ নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। পরে বিকেল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমি-এ দলীয় সভায় যোগ দেবেন।
দিনের কর্মসূচি শেষে সন্ধ্যা ৭টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

