Don't Miss
Home / হোম স্লাইডার / পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ও জনবান্ধব হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ও জনবান্ধব হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

এমএনএ প্রতিবেদক

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার যেমন স্থায়ী নয়, তেমনি প্রশাসনের কোনো পদও কারও জন্য চিরস্থায়ী হতে পারে না। তিনি জোর দিয়ে বলেন, রাষ্ট্র ও জনগণের স্বার্থেই পুলিশ প্রশাসনকে পেশাদার, সৎ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।

সোমবার (১১ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, একটি সমৃদ্ধ, স্বনির্ভর, গণতান্ত্রিক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়াই বর্তমান সরকারের লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন, মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা দক্ষতা ও দায়িত্বশীলতার পরিচয় দিলে দেশে নিরাপত্তা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা আরও শক্তিশালী হবে।

তিনি বলেন, পুলিশ প্রশাসনের প্রতিটি পদই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র পদোন্নতি বা পছন্দের স্থানে বদলির প্রত্যাশা না করে যে যেখানে দায়িত্বে আছেন, সেখানেই পেশাদারিত্বের সঙ্গে কাজ করার মানসিকতা থাকতে হবে। এর মাধ্যমেই দক্ষ ও গতিশীল পুলিশ বাহিনী গড়ে তোলা সম্ভব।

জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইতিবাচক ও কৌশলী কার্যক্রমের মাধ্যমে পুলিশের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস তৈরি করতে হবে। তাহলে মব ভায়োলেন্সসহ বিভিন্ন সংকট দক্ষতার সঙ্গে মোকাবিলা করা সহজ হবে।

তারেক রহমান আরও বলেন, দীর্ঘ সময়ের কর্তৃত্ববাদী শাসনের পর ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সরকার জনগণের কাছে গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সরকার হিসেবে আত্মপ্রকাশ করেছে। সরকার এমন একটি পুলিশ বাহিনী চায়, যারা হবে সত্যিকার অর্থে জনবান্ধব এবং জনগণের আস্থার প্রতীক।

দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অপরাধীর রাজনৈতিক পরিচয় নয়, অপরাধই হবে বিবেচনার বিষয়। আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে এবং রাষ্ট্র ও জনগণের কল্যাণকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

প্রযুক্তিনির্ভর অপরাধ বৃদ্ধির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম এখন বৈশ্বিক বাস্তবতা। তাই পুলিশ কর্মকর্তাদের বহুমুখী দক্ষতা অর্জন জরুরি হয়ে পড়েছে। দক্ষ, সাহসী ও সৎ পুলিশ প্রশাসন ছাড়া কোনো সরকারের সফলতা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে সরকার আন্তরিক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নিয়োগ, বদলি ও পদোন্নতিতে সততা, মেধা ও দক্ষতাকেই প্রধান বিবেচনা করা হবে। পাশাপাশি পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতেও সরকার কাজ করছে।

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, সরকার জনগণের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট বা নাশকতামূলক কর্মকাণ্ড যেন কেউ করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। পাশাপাশি নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার ধাপে ধাপে বাস্তবায়নের আশ্বাসও দেন তিনি।

x

Check Also

যুদ্ধবিরতির মধ্যেই কাতার-কুয়েত-আমিরাতে ইরানের ড্রোন হামলা, জাহাজে আগুন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের ভঙ্গুর যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের তিন দেশ ড্রোন হামলা ...