Don't Miss
Home / আজকের সংবাদ / দেশে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালনে প্রধানমন্ত্রীর আহ্বান

দেশে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালনে প্রধানমন্ত্রীর আহ্বান

এমএনএ প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে জনমত তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী অডিটরিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ১৫৬ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ১৭ জন শিক্ষার্থী সরকারের বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ নিয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন করেন।

এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নকে টেকসই করতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, “স্থিতিশীল পরিবেশ ছাড়া কোনো উন্নয়ন দীর্ঘস্থায়ী হবে না। কিছু তৈরি হওয়ার পর আবার তা ভেঙে পড়তে পারে। তাই দেশকে এগিয়ে নিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে জনমত গড়ে তুলতে হবে। তার ভাষায়, “রাজনীতি সংসদে হওয়া উচিত। শুধু রাজপথে হৈচৈ করে কিছু গড়ে তোলা যায় না। আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাতে হবে এবং চিন্তাভাবনা করে কাজ করতে হবে।”

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখার পরামর্শ দেন। তিনি বলেন, এতে আন্তর্জাতিক কর্মক্ষেত্রে প্রতিযোগিতামূলক সুযোগ বাড়বে।

সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সংস্কৃতি ছাড়া কোনো জাতি এগোতে পারে না। সরকার স্কুল পর্যায়ে ৪ থেকে ১২ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য তৃতীয় ভাষা শিক্ষা, সংগীত শিক্ষা এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রসঙ্গও উল্লেখ করেন। তিনি একটি বালিশের মূল্য ৮০ হাজার টাকা দেখানোর ঘটনায় বিস্ময় প্রকাশ করে বলেন, “এত দামের বালিশে আদৌ ঘুম হবে কি?”

অনুষ্ঠানে অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক মোর্শেদ হাসান খান, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।

x

Check Also

রাজশাহীতে উদ্বেগজনক হারে বাড়ছে এইচআইভি সংক্রমণ, শনাক্তদের দুই-তৃতীয়াংশ সমকামী

রাজশাহী প্রতিনিধি রাজশাহীতে নীরবে বাড়ছে এইচআইভি (এইচআইভি/এইডস) সংক্রমণ। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে ...