Don't Miss
Home / আজকের সংবাদ / জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর

এমএনএ প্রতিবেদক

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত সহযোগিতা আরও জোরদার হয়েছে। এ লক্ষ্যে দুই দেশ একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। বৃহস্পতিবার (১৪ মে) ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বিষয়টি নিশ্চিত করেছে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং।

সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে স্বাক্ষর করেন দেশটির জ্বালানি সচিব ক্রিস রাইট।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বাংলাদেশসহ বহু দেশ বর্তমানে জ্বালানি নিরাপত্তা নিয়ে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। এই পরিস্থিতিতে নতুন এ সমঝোতা বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

চুক্তির আওতায় জ্বালানির উৎস বৈচিত্র্যময় করার সুযোগ বাড়বে এবং সাশ্রয়ী ও টেকসই সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে সহযোগিতা করা হবে। একই সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি খাতে আরও বিস্তৃত অংশীদারিত্বের পথ উন্মুক্ত হবে।

এমওইউ অনুযায়ী দুই দেশের মধ্যে দক্ষতা উন্নয়ন, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং তেল, গ্যাস, ভূ-তাপীয় জ্বালানি ও জৈব জ্বালানি নিয়ে যৌথ গবেষণার সুযোগ তৈরি হবে। পাশাপাশি বাংলাদেশ যাতে প্রতিযোগিতামূলক দামে যুক্তরাষ্ট্র থেকে এলএনজি, এলপিজি ও অন্যান্য জ্বালানি পণ্য আমদানি করতে পারে, সে বিষয়েও সহযোগিতা বাড়ানো হবে।

স্বাক্ষর অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, এই সমঝোতা স্মারক বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং এটি দুই দেশের ক্রমবর্ধমান সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ উদ্যোগ বাস্তবায়নে সহায়তার জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান।

অন্যদিকে মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট এই চুক্তিকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে একটি “ঐতিহাসিক অগ্রগতি” হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

x

Check Also

ঈদকে সামনে রেখে অস্থির নিত্যপণ্যের বাজার, ডিম ১৫০ টাকা ডজন

অর্থনৈতিক প্রতিবেদক রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে। এক ...