Don't Miss
Home / আজকের সংবাদ / প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: কুমিল্লার পথসভায় তারেক

প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: কুমিল্লার পথসভায় তারেক

কুমিল্লা প্রতিনিধি

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেয়, সরকার পরিচালনার দায়িত্বে থাকলে তা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করে। তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন অঙ্গীকার বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।

শনিবার দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চাঁদপুর সফরে যাওয়ার পথে এ পথসভায় অংশ নেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, “নির্বাচনের আগে আমরা বলেছিলাম—প্রত্যেক পরিবারের হাতে ধীরে ধীরে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে, কৃষকদের দেওয়া হবে কৃষক কার্ড এবং মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মীয় গুরুদের জন্য সম্মানীর ব্যবস্থা করা হবে। ইতোমধ্যে এসব কার্যক্রম শুরু হয়েছে।”

তিনি জানান, দেশের প্রায় ৬০ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে রাষ্ট্রীয়ভাবে সম্মানী প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নারীদের হাতে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের মধ্যে কৃষক কার্ড বিতরণও ধাপে ধাপে শুরু হয়েছে।

দেশ পুনর্গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, “১৯৭১ সালে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। কিন্তু দীর্ঘদিনের স্বৈরাচার ও লুটপাটের কারণে দেশ কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি। এবার জনগণ দেশকে স্বৈরাচারমুক্ত করেছে। এখন আমাদের প্রধান দায়িত্ব দেশকে নতুনভাবে গড়ে তোলা।”

সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসা-বাণিজ্যের প্রসার, নারী শিক্ষা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করা এবং কৃষকদের আত্মনির্ভরশীল করে তুলতে সরকার কাজ করবে। পাশাপাশি নতুন শিল্পকারখানা স্থাপন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার কথাও জানান তিনি।

পথসভায় স্থানীয় নেতারা কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবি, একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং কুমিল্লা সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করার দাবি জানান। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “কুমিল্লা বিভাগ যদি জনগণের প্রকৃত দাবি হয়ে থাকে, তাহলে ইনশা আল্লাহ তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। কৃষি বিশ্ববিদ্যালয়ের বিষয়টি শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হবে।”

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, বিগত সরকারের সময়ে ব্যাপক অর্থ পাচার ও দুর্নীতির কারণে অর্থনীতি চাপে রয়েছে। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে জনগণকে ধৈর্য ধারণ এবং সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

একদিনের সফরে চাঁদপুরে খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং জেলা বিএনপির সাংগঠনিক সভাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন-এর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়া, কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়াসহ স্থানীয় বিএনপির নেতারা।

x

Check Also

কম দামের সিগারেটের ফাঁদে বাংলাদেশ: রাজস্বের চেয়ে দ্বিগুণ ক্ষতি, বাড়ছে তরুণ ধূমপায়ী

বিশেষ প্রতিবেদক রাজধানীর কারওয়ান বাজারের একটি ছোট দোকানে ১০ টাকার সিগারেট কিনছিলেন এক কলেজপড়ুয়া তরুণ। ...