Don't Miss
Home / প্রশাসন / প্রথমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অনুমোদন পাচ্ছে ৩ লাখ কোটি টাকার এডিপি

প্রথমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অনুমোদন পাচ্ছে ৩ লাখ কোটি টাকার এডিপি

অর্থনৈতিক প্রতিবেদক

প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এবার প্রথমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার উপস্থিতিতেই আগামী সোমবার (১৮ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় অনুমোদন পেতে যাচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের প্রায় ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)।

সাধারণত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়ে থাকে। তবে বিএনপি সরকারের সময়ে অনুষ্ঠিত সর্বশেষ তিনটি একনেক সভা সচিবালয়ে আয়োজন করা হয়েছিল। এর মধ্যে বর্তমান সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত হয় গত ৬ এপ্রিল। এবার আবারও সভার ভেন্যু ফিরছে পরিকল্পনা কমিশন চত্বরে অবস্থিত এনইসি সম্মেলন কক্ষে।

পরিকল্পনা কমিশন সূত্র জানিয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ৩ লাখ কোটি টাকার এডিপি প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন বা জিওবি থেকে রাখা হয়েছে ১ লাখ ৯০ হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণ ও অনুদান ধরা হয়েছে ১ লাখ ১০ হাজার কোটি টাকা। এছাড়া স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনের নিজস্ব অর্থায়নে আরও ৮ হাজার ৯২৪ কোটি টাকা ব্যয় হবে। সব মিলিয়ে মোট উন্নয়ন ব্যয়ের পরিমাণ দাঁড়াবে ৩ লাখ ৮ হাজার ৯২৪ কোটি টাকার বেশি।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পরিকল্পনা মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনে চলছে ব্যাপক প্রস্তুতি। মন্ত্রণালয় চত্বরে নতুন করে বিটুমিন ঢালা হয়েছে, ঝড়ে ভেঙে পড়া গাছ অপসারণ করা হচ্ছে এবং আঙিনাজুড়ে লাগানো হয়েছে নতুন ফুলের চারা। একই সঙ্গে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কারকাজ। প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন কক্ষে নতুন রঙের প্রলেপ দেওয়া হচ্ছে। মন্ত্রণালয়ের লাইব্রেরিতেও নতুন করে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-কে নিয়ে লেখা বইয়ের সংগ্রহ সাজানো হয়েছে।

এ বিষয়ে পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন বিভাগ) মো. গোলাম মোছাদ্দেক বলেন, আগামীকাল এনইসি সভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতিমূলক কাজ চলছে।

গত ৯ মে পরিকল্পনা কমিশনের বর্ধিত সভায় এডিপির খসড়া অনুমোদন দেওয়া হয়। পরে ১৬ মে খাতভিত্তিক বরাদ্দ চূড়ান্ত করা হয়। সেই প্রস্তাবই এখন এনইসি সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগ সূত্রে জানা গেছে, এবার এডিপিতে শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন ও বিদ্যুৎ খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত—৫০ হাজার ৯২ কোটি টাকা, যা মোট এডিপির ১৬ দশমিক ৭০ শতাংশ। শিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৪৭ হাজার ৫৯১ কোটি টাকা, স্বাস্থ্য খাতে ৩৫ হাজার ৫৩৫ কোটি এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩২ হাজার ৬৯১ কোটি টাকা।

মন্ত্রণালয়ভিত্তিক বরাদ্দে শীর্ষে রয়েছে স্থানীয় সরকার বিভাগ, যার জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩৩ হাজার ৭৩৫ কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, যার বরাদ্দ ৩০ হাজার ৭৪১ কোটি টাকা।

তবে এবারের এডিপিতে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ‘থোক বরাদ্দ’। বিভিন্ন মন্ত্রণালয়, বিশেষ উন্নয়ন সহায়তা এবং সামাজিক উন্নয়ন সহায়তা মিলিয়ে প্রায় ১ লাখ ১৮ হাজার ২৮৮ কোটি টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে, যা মোট উন্নয়ন বাজেটের এক-তৃতীয়াংশেরও বেশি। অন্যদিকে প্রকল্পভিত্তিক সরাসরি বরাদ্দ রাখা হয়েছে প্রায় ১ লাখ ৮১ হাজার ৭১১ কোটি টাকা।

বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষা খাতে থোক বরাদ্দের পরিমাণ নজর কেড়েছে। স্বাস্থ্য বিভাগের চলমান প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে ৬ হাজার ৮ কোটি টাকা, অথচ একই খাতে থোক বরাদ্দ ২০ হাজার ৮০০ কোটি টাকা। আবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চলমান প্রকল্পে বরাদ্দ ৫ হাজার ৪৮ কোটি টাকা হলেও থোক বরাদ্দ রাখা হয়েছে ১৪ হাজার ৩৯২ কোটি টাকা।

প্রস্তাবিত এডিপিতে মোট ১ হাজার ১২১টি প্রকল্প অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প রয়েছে ৯৪৯টি এবং কারিগরি সহায়তা প্রকল্প ১০৭টি। পাশাপাশি ১ হাজার ২৭৭টি নতুন অননুমোদিত প্রকল্পও তালিকাভুক্ত করা হয়েছে।

এদিকে অর্থনীতিবিদরা বড় আকারের এডিপি এবং বিপুল থোক বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-মার্চ সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল মাত্র ৩৬ দশমিক ১৯ শতাংশ। এমন পরিস্থিতিতে আরও বড় উন্নয়ন বাজেট বাস্তবায়ন কতটা সম্ভব হবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

x

Check Also

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টের অবস্থান: ‘নির্বাচনে হস্তক্ষেপ করবো না’

খেলাধুলা প্রতিবেদক আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে স্থগিতাদেশ চেয়ে করা রিট ...