Don't Miss
Home / নগর-মহানগর / চামড়া সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, আলেমদের সুরক্ষায় ‘যেকোনো ত্যাগে’ প্রস্তুত ধর্মমন্ত্রী

চামড়া সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, আলেমদের সুরক্ষায় ‘যেকোনো ত্যাগে’ প্রস্তুত ধর্মমন্ত্রী

এমএনএ প্রতিবেদক

ধর্মমন্ত্রী কাজি শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ কাঁচা চামড়ার বাজারে সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। একইসঙ্গে আলেম-ওলামা ও মাদরাসা সংশ্লিষ্টদের ওপর কোনো ধরনের জুলুম-নির্যাতন বরদাশত করা হবে না বলেও জানিয়েছেন তিনি।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত কোরবানির পশুর কাঁচা চামড়া সংরক্ষণবিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, অতীতে চামড়ার ন্যায্যমূল্য না পাওয়ায় কোথাও কোথাও চামড়া মাটিচাপা দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এ ধরনের পরিস্থিতি যাতে আর সৃষ্টি না হয়, সে জন্য আলেম-ওলামাদের সচেতন ভূমিকা রাখতে হবে। পাশাপাশি সরকারও যথাযথ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের মাধ্যমে চামড়ার গুণগত মান রক্ষায় সতর্ক থাকবে।

তিনি বলেন, “আলেম-ওলামা ও মাদরাসার ওপর কোনো অন্যায়, অত্যাচার বা হয়রানি হতে দেওয়া হবে না। এ জন্য প্রয়োজন হলে আমি যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।” প্রধানমন্ত্রীও মাদরাসাগুলো যাতে কোনো ধরনের বৈষম্যের শিকার না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।

আলেমদের অবদানের কথা তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, ইসলাম অতীতে যেমন ওলামায়ে কেরামের মাধ্যমে টিকে ছিল, ভবিষ্যতেও তাদের মাধ্যমেই টিকে থাকবে। তিনি আরও বলেন, মাদরাসা ও ইসলামী প্রতিষ্ঠানগুলো মূলত মহান আল্লাহর ওপর নির্ভরশীল, বাহ্যিক সহযোগিতা সেখানে গৌণ।

ধর্মীয় সেবায় নিয়োজিত ব্যক্তিদের আর্থিক সহায়তার প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীনতার পর কোনো সরকারই ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দেওয়ার বিষয়টি ভাবেনি। এ উদ্যোগ প্রথম নিয়েছিলেন তারেক রহমান। পর্যায়ক্রমে দেশের সব মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে ভাতা কর্মসূচি সম্প্রসারণ করা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান। এতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আগত আলেম, মাদরাসা শিক্ষক, ইমাম, খতিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

x

Check Also

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টের অবস্থান: ‘নির্বাচনে হস্তক্ষেপ করবো না’

খেলাধুলা প্রতিবেদক আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে স্থগিতাদেশ চেয়ে করা রিট ...