Don't Miss
Home / আজকের সংবাদ / ডিএমপির নতুন কমিশনার হলেন সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন

ডিএমপির নতুন কমিশনার হলেন সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন

এমএনএ প্রতিবেদক

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ—সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমেদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে মোসলেহ্ উদ্দিন আহমেদকে সিআইডি থেকে বদলি করে ডিএমপির কমিশনার পদে পদায়ন করা হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ২৬ মার্চ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পান অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার। সাবেক কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে ২৫ ফেব্রুয়ারি পদত্যাগ করার পর থেকে তিনি দায়িত্ব পালন করছিলেন। যদিও সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ চলতি বছরের নভেম্বর পর্যন্ত ছিল।

সরকারি চাকরির নির্ধারিত মেয়াদ পূর্ণ হওয়ায় গত ১৪ মে অবসরে যান মো. সরওয়ার। পরে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। একই সময়ে নজরুল ইসলামকে সিআইডিতে বদলির প্রজ্ঞাপন জারি হলেও তিনি নতুন কর্মস্থলে যোগ দেননি। পরবর্তীতে আইজিপি তাকে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্ব দেন।

নতুন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন। চলতি বছরের ১৬ মার্চ তিনি সিআইডির অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পান। এর আগে পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন ডিরেক্টরেটে অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এবং কুষ্টিয়া, ভোলা ও শেরপুর জেলায় পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

পেশাগত জীবনে জাতিসংঘের আফ্রিকান ইউনিয়ন-ইউনাইটেড নেশনস হাইব্রিড অপারেশন ইন দারফুর মিশনেও দায়িত্ব পালন করেছেন মোসলেহ্ উদ্দিন আহমেদ।

এদিকে গত ১৩ মে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন তিনি।

x

Check Also

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টের অবস্থান: ‘নির্বাচনে হস্তক্ষেপ করবো না’

খেলাধুলা প্রতিবেদক আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে স্থগিতাদেশ চেয়ে করা রিট ...