Don't Miss
Home / আইন আদালত / আনসার বাহিনীর জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিতে বিশৃঙ্খলা, তিন আনসার সদস্য গ্রেপ্তার

আনসার বাহিনীর জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিতে বিশৃঙ্খলা, তিন আনসার সদস্য গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিন আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে আদালতে হাজির করা হলে তাঁরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাজীপুর নগরের সামন্তপুর গ্রামের আফাজ উদ্দিন সরকারের ছেলে রায়হান উদ্দিন সরকার, একই এলাকার ইউনুস আলীর ছেলে আশরাফুল আলম এবং নহরীর পাড় এলাকার ইউনুস আলীর ছেলে শাকিল আহমেদ। তাঁরা সবাই ইয়ুথ লিডারশিপ কোর্সের প্রশিক্ষণার্থী এবং নিজ নিজ এলাকার টিডিপি দলনেতা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এ ঘটনায় বৃহস্পতিবার কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন বাংলাদেশ আনসার ও ভিডিপির অ্যাডজুট্যান্ট মাসুদ হাসান। মামলার এজাহারে বলা হয়, গত ২০ মে অনুষ্ঠিত জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচি বানচাল করার উদ্দেশ্যে একটি বিশেষ চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। ওই চক্র ইনস্ট্রাক্টর কোর্সের প্রশিক্ষণার্থীদের ব্যবহার করে সংগঠিতভাবে বিভিন্ন দাবি উত্থাপন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানোর চেষ্টা করে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। সেখানে ভাতা বৃদ্ধি, রেশন সুবিধা, চাকরি স্থায়ীকরণ, নিয়োগে অগ্রাধিকার এবং প্রশাসনিক বিভিন্ন সুবিধার দাবি তুলে আন্দোলনে সম্পৃক্ত করার চেষ্টা করা হয়। একই সঙ্গে অজ্ঞাত ও বিদেশি নম্বর ব্যবহার করে প্রধানমন্ত্রীর দরবারকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টার অভিযোগও আনা হয়েছে।

মামলায় বলা হয়, গত ১৭ মে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিতে আসা প্রায় ১৭৭ জন সদস্যের মধ্যেও এই চক্র সক্রিয় ছিল। তাঁদের মাধ্যমে কর্মসূচিকে ঘিরে চাপ সৃষ্টি এবং দাবি আদায়ের পরিকল্পনা করা হয় বলে অভিযোগ রয়েছে।

মামলার বাদী অ্যাডজুট্যান্ট মাসুদ হাসান বলেন, জাতীয় সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কালিয়াকৈর থানার কর্মকর্তা সহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার তিন আসামিকে আদালতে হাজির করা হলে তাঁরা দায় স্বীকার করে জবানবন্দি দেন। পরে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

x

Check Also

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

এমএনএ প্রতিবেদক উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে ...