এমএনএ প্রতিবেদক
সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, বিভ্রান্তিকর প্রচারণা এবং কুরুচিপূর্ণ ভাষার ব্যবহারের কারণে দেশের রাজনৈতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৫ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার এবং পরিকল্পিতভাবে অপপ্রচার চালানোর কারণে দেশে সুস্থ রাজনৈতিক চর্চার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তিনি অভিযোগ করেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত গণতান্ত্রিক সুযোগকে নস্যাৎ করতে এবং দেশে অস্থিরতা সৃষ্টি করতে একটি মহল সুপরিকল্পিতভাবে কাজ করছে।
তিনি বলেন, বর্তমান সংকটময় সময়ে গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে এবং তাদের অপতৎপরতা প্রতিহত করতে সবাইকে সজাগ থাকতে হবে।
নিজ দলের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়; এটি জনগণের অধিকার, কল্যাণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিশ্বাসী একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। দেশের মানুষের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করাই দলের মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, দেশে গণতন্ত্র ও জনগণের অধিকারে অবিশ্বাসী একটি অশুভ শক্তির উত্থান ঘটেছে। এসব অপশক্তিকে প্রতিহত করতে গণতন্ত্রপন্থি রাজনৈতিক দল, সংগঠন এবং নাগরিক সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
স্মরণসভায় উপস্থিত বক্তারা গণতন্ত্র, রাজনৈতিক সহনশীলতা এবং দায়িত্বশীল রাজনৈতিক আচরণের গুরুত্ব তুলে ধরেন। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা রোধে সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

