Don't Miss
Home / আজকের সংবাদ / তামিম ইকবাল বিসিবির নতুন সভাপতি নির্বাচিত

তামিম ইকবাল বিসিবির নতুন সভাপতি নির্বাচিত

খেলাধুলা প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন তিনি।

রোববার (৭ জুন) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনের পর পরিচালনা পর্ষদের সভায় তামিম ইকবালকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। নির্বাচন কমিশন বিষয়টি নিশ্চিত করেছে।

সভাপতি পদে তামিমের বিপক্ষে কোনো প্রার্থী না থাকায় ভোটের প্রয়োজন হয়নি। তিনি বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন। এর আগে তিনি অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে প্রায় দুই মাস দায়িত্ব পালন করেন।

নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা। তবে দুই সহসভাপতির মধ্যে আপাতত একজনের নামই ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক পদে নির্বাচন করে তামিম ইকবাল সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে জয় পান। এই ক্যাটাগরিতে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, যাদের মধ্যে ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন।

ক্লাব ক্যাটাগরিতে নির্বাচিত অন্য পরিচালকরা হলেন— মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম আহমেদ, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, আসিফ রব্বানী, ডা. মাহবুব শামীম ও সাকিফ আহমেদ সালাম।

এই ক্যাটাগরিতে পরাজিত হয়েছেন বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফায়াজুর রহমান মিতু ও ইমরোজ আহমেদ।

ভোটের ফলে দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু। এছাড়া মাসুদুজ্জামান পেয়েছেন ৭০ ভোট এবং ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক পেয়েছেন ৬৮ ভোট।

বিসিবির পরিচালক হিসেবে বিভিন্ন ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন—

ক্যাটাগরি-১:
ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান ও এস এম আবদুল্লাহ আল ফুয়াদ; চট্টগ্রাম বিভাগ থেকে মিনহাজুল আবেদীন ও মঈন উদ্দিন চৌধুরী; খুলনা বিভাগ থেকে শফিকুল আলম ও শান্তনু ইসলাম; রাজশাহী বিভাগ থেকে মীর শাকরুল আলম; রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সল আমীন; সিলেট বিভাগ থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী এবং বরিশাল বিভাগ থেকে মিজানুর রহমান।

ক্যাটাগরি-২:
তামিম ইকবাল, মাসুদুজ্জামান, ফাহিম সিনহা, আসিফ রব্বানী, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম, সরকার মাহবুব আহমেদ শামীম, শাহনিয়ান তানিম, সাঈদ ইব্রাহিম আহমেদ ও সাকিফ আহমেদ।

ক্যাটাগরি-৩:
সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

তামিম ইকবালের নেতৃত্বে নতুন বিসিবি কমিটি দেশের ক্রিকেট প্রশাসনে নতুন দিকনির্দেশনা দেবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

x

Check Also

মৌসুমি বায়ু অগ্রসর হচ্ছে কক্সবাজার উপকূলে, বৃষ্টি-বজ্রপাত বাড়ার আশঙ্কা; সাত জেলায় প্রাণ গেল ৮ জনের

এমএনএ প্রতিবেদক আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে ...