Don't Miss
Home / আজকের সংবাদ / ২০২৬ বিশ্বকাপ নিয়ে মার্টিনেজের বিস্ফোরক ভবিষ্যদ্বাণী, ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপ নিয়ে মার্টিনেজের বিস্ফোরক ভবিষ্যদ্বাণী, ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা

খেলাধুলা প্রতিবেদক

২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা কার হাতে উঠবে, তা নিয়ে টুর্নামেন্ট শুরুর আগেই সাহসী ভবিষ্যদ্বাণী করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তার বিশ্বাস, আগামী বিশ্বকাপেও শিরোপা ধরে রাখবে আর্জেন্টিনা এবং ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়েই সোনালি ট্রফি নিজেদের করে নেবে আলবিসেলেস্তেরা।

সম্প্রতি তার ক্লাব অ্যাস্টোন ভিলার এক স্পন্সর আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে পুরো নকআউট পর্বের সম্ভাব্য চিত্র তুলে ধরেন মার্টিনেজ। সেখানে তিনি দাবি করেন, দীর্ঘ পথ পেরিয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল ফাইনালে মুখোমুখি হবে এবং রুদ্ধশ্বাস সেই ম্যাচের নিষ্পত্তি হবে টাইব্রেকারে। শেষ পর্যন্ত জয় পাবে আর্জেন্টিনাই।

২০২২ সালের ফিফা বিশ্বকাপ কাতার ২০২২ শুরুর আগেও আর্জেন্টিনার শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন মার্টিনেজ। পরবর্তীতে তার অসাধারণ পারফরম্যান্সের ওপর ভর করেই বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল দলটি। ফলে এবারের ভবিষ্যদ্বাণীও ফুটবলভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মার্টিনেজের হিসাব অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নেবে— আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড, পর্তগাল, জার্মানি, নেদারল্যান্ডস ও মেক্সিকো।

তবে তার তালিকায় সবচেয়ে বড় চমক হলো বর্তমান ইউরোপিয়ান শক্তি স্পেনের অনুপস্থিতি। অনেক বিশ্লেষক স্পেনকে অন্যতম শিরোপাপ্রত্যাশী মনে করলেও মার্টিনেজের মতে, শেষ ষোলোতেই আর্জেন্টিনার কাছে বিদায় নেবে স্প্যানিশরা।

মার্টিনেজের পূর্বাভাস অনুযায়ী, শেষ ষোলোতে ফ্রান্স হারাবে নরওয়েকে, জার্মানি জয় পাবে তুরস্কের বিপক্ষে, নেদারল্যান্ডস পরাজিত করবে যুক্তরাষ্ট্রকে, ব্রাজিল হারাবে জাপানকে এবং মেক্সিকো জয়ী হবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।

কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড হারাবে কলম্বিয়াকে। অন্যদিকে ২০২২ বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তিতে আর্জেন্টিনা আবারও ফ্রান্সকে পরাজিত করবে। এছাড়া জার্মানি নেদারল্যান্ডসকে এবং ব্রাজিল মেক্সিকোকে হারিয়ে সেমিফাইনালে উঠবে।

সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ডকে দেখছেন মার্টিনেজ। তার মতে, ম্যাচটি স্মরণ করিয়ে দেবে ১৯৮৬ বিশ্বকাপের ঐতিহাসিক আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথকে। তবে এবার ম্যাচের নিষ্পত্তি হবে টাইব্রেকারে, যেখানে জয় পাবে আর্জেন্টিনা।

অন্য সেমিফাইনালে ব্রাজিল হারাবে জার্মানিকে এবং নিশ্চিত করবে ফাইনাল।

মার্টিনেজের কল্পিত ফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। তিনি মনে করেন, ম্যাচটি হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং শেষ পর্যন্ত টাইব্রেকারে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন। সেখানে জয়ী হয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা ধরে রাখবে আর্জেন্টিনা।

যদিও বিশ্বকাপের এখনও অনেক পথ বাকি এবং বাস্তবতা ভিন্ন হতে পারে, তবু বিশ্বচ্যাম্পিয়ন গোলরক্ষকের এই সাহসী ভবিষ্যদ্বাণী ইতোমধ্যে ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে।

x

Check Also

আইডিয়াল স্কুলের মুগদা শাখায় ‘কিশোর গ্যাং’ অভিযোগ: শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় আদালতে মামলা, তদন্ত কমিটি গঠন

শিক্ষাঙ্গন প্রতিবেদক রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মুগদা শাখায় ‘কিশোর গ্যাং’-এর আধিপত্য এবং এক শিক্ষার্থীকে ...