Don't Miss
Home / জাতীয় / প্রবাসী বাংলাদেশিদের সেবায় গণমাধ্যমের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে বাংলাদেশ হাইকমিশন

প্রবাসী বাংলাদেশিদের সেবায় গণমাধ্যমের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে বাংলাদেশ হাইকমিশন

এমএনএ প্রতিবেদক

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও সেবার মান আরও উন্নত করতে গণমাধ্যমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন। প্রবাসীদের বিভিন্ন সমস্যা, অধিকার ও সম্ভাবনার বিষয়গুলো কার্যকরভাবে তুলে ধরতে হাইকমিশন ও সংবাদমাধ্যমের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এরই অংশ হিসেবে সোমবার মালয়েশিয়ার একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কার্যালয় পরিদর্শন করেছে বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন হাইকমিশনের দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য।

পরিদর্শনকালে তিনি বলেন, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরা এবং প্রবাসী নাগরিকদের সমস্যা ও সম্ভাবনাগুলো সামনে আনতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতীয় স্বার্থ রক্ষায় দায়িত্বশীল ও গঠনমূলক সাংবাদিকতার চর্চার পাশাপাশি মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি সংবাদকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

প্রতিনিধি দলে ছিলেন এস এম সায়েম, তৃতীয় সচিব (পলিটিক্যাল)। এ সময় উপস্থিত ছিলেন পিবিএন নিউজের সম্পাদক ওয়াহিদ সোহান এবং যমুনা টেলিভিশন ও দৈনিক রুপালি বাংলাদেশ-এর মালয়েশিয়া প্রতিনিধি মো. মনিরুজ্জামান।

সংশ্লিষ্টরা মনে করছেন, হাইকমিশন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়লে প্রবাসীদের সেবা গ্রহণ আরও সহজ হবে এবং বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের সুযোগ তৈরি হবে।

এদিকে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল ইসলাম খানও প্রবাসীদের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

প্রবাসীবান্ধব ও জনমুখী হাইকমিশন গড়ে তোলার এই উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের অধিকার সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন কমিউনিটির নেতারা।

x

Check Also

দিল্লি বিমানবন্দরে অপেক্ষায় রাখার প্রতিবাদে ফিরে এসেছি: জাহেদ উর রহমান

এমএনএ প্রতিবেদক ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষায় রাখার ঘটনাকে হয়রানিমূলক ...