অর্থনৈতিক প্রতিবেদক
ব্যক্তি এজেন্সি কার্যক্রম স্থগিতের পরও বিভিন্ন নামে কমিশন প্রদানের অভিযোগের প্রেক্ষিতে নয়টি সাধারণ বিমা প্রতিষ্ঠানে পরিদর্শন শুরু করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এবং নন-লাইফ বিমা কোম্পানিগুলোর সম্মতিক্রমে চলতি বছরের ১ জানুয়ারি থেকে নন-লাইফ বিমা খাতে ব্যক্তি এজেন্সি কার্যক্রম স্থগিত করা হয়। তবে এ সিদ্ধান্তের পরও কিছু বিমা প্রতিষ্ঠান ব্যবসা সংগ্রহের উদ্দেশ্যে বেতন-ভাতা প্রদান, ‘নো ক্লেইম বোনাস’সহ বিভিন্ন খাতে কমিশন দিয়ে যাচ্ছে বলে অভিযোগ ওঠে।
বিমা খাত সংশ্লিষ্টদের মতে, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে বাজারে অসুস্থ প্রতিযোগিতা তৈরি হতে পারে এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা বাস্তবায়ন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
অভিযোগের সত্যতা যাচাই এবং বিমা আইন ও বিধিমালার যথাযথ পরিপালন নিশ্চিত করতে আইডিআরএ তিনটি পৃথক পরিদর্শক কমিটি গঠন করেছে। গত ৪ জুন জারি করা এক চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো পরিদর্শনের জন্য পৃথক টিম গঠনের নির্দেশ দেওয়া হয়।
পরিদর্শনের আওতায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে— প্রভাতি ইন্স্যুরেন্স পিএলসি, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স পিএলসি, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি, ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি, কনফুলি ইন্স্যুরেন্স পিএলসি এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
পরিদর্শন কার্যক্রম শেষে সংশ্লিষ্ট কমিটি তাদের প্রতিবেদন আইডিআরএর গঠিত ভিজিলেন্স টিমের কাছে জমা দেবে। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইডিআরএর সদস্য (সাধারণ বিমা) মোহাম্মদ আবু বকর সিদ্দিক।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
