এমএনএ বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের ঢাকায় আসা হচ্ছে না। সমন্বয়হীনতা ও অব্যবস্থাপনার কারণে ‘ক্লিন ঢাকা’ শীর্ষক কনসার্ট আয়োজনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি পায়নি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত ‘ক্লিন ঢাকা কনসার্ট উইথ বলিউড কুইন অ্যান্ড এজে’ শীর্ষক অনুষ্ঠানে তার অংশ নেওয়ার কথা ছিলো। কিন্তু নিরাপত্তাজনিত কারণে এই আয়োজন স্থগিত করা হয়েছে।
তবে পরবর্তী সময়ে এসব বিষয় যথাযথভাবে সমন্বয় করে আয়োজকরা পুনরায় কনসার্ট আয়োজনের অনুমতি চেয়ে ডিএমপির কাছে আবেদন করতে পারবে।
এর আগে বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে কনসার্টটি স্থগিত করার কথা জানানো হয়। তবে কনসার্ট স্থগিত হওয়ার কারণ বা কবে কনসার্টটি হতে পারে সে বিষয়ে কিছু জানায়নি সিটি করপোরেশন।
আজ বৃহস্পতিবার বিকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় বলেন, ‘আগামীকাল শুক্রবারের ক্লিন ঢাকা কনসার্টটি স্থগিত করা হয়েছে। নতুন তারিখ পরে জানানো হবে।’
পরিচ্ছন্নতা অভিযান নিয়ে জনসচেতনতা তৈরিতে আয়োজিত এই কনসার্টে বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের সঙ্গে ভারত থেকে কণ্ঠশিল্পী কানিকা কাপুর ও জাভেদ আলির আসার কথা ছিল। বাংলাদেশের অভিনেতা অনন্ত জলিলেরও অংশ নেয়ার কথা ছিল এই কনসার্টে।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজিত এই কনসার্টের টিকিটের মূল্য ধরা হয়েছিল যথাক্রমে এক হাজার, দেড় হাজার ও তিন হাজার টাকা।
এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, নিরাপত্তাজনিত কারণে ঢাকা মহানগর পুলিশের অনুরোধে কনসার্টটি স্থগিত করা হয়েছে।
তবে কনসার্টটির আয়োজক অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরীর এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রাজধানী ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব এবং আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতিও শেষ হয়েছিল। এরই মধ্যে এ ঘোষণা এলো।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক




