এমএনএ রিপোর্ট : চলতি বছরের ফিতরা সর্বনিম্ন ৬৫ টাকা এবং সর্বোচ্চ এক হাজার ৬৫০ টাকা নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
১৪৩৭ হিজরি সনের সাদকাতুল ফিতরের হার নির্ধারণের লক্ষ্যে সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের দীনী দাওয়াত ও
সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মাওলানা মুহাম্মদ আবদুস সালাম।
সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়, ইসলামি শরিয়াহ মতে আটা, খেজুর, কিশমিশ, পনির ও যব ইত্যাদি পণ্যগুলোর যেকোনো একটি দ্বারা ফিতরা প্রদান করা যায়। আটা দ্বারা ফিতরা আদায় করলে অর্ধ সা বা ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজারমূল্য ৬৫ টাকা আদায় করতে হবে। যব দ্বারা আদায় করলে এক সা বা ৩ কেজি ৩ শ’ গ্রাম বা এর বাজারমূল্য ২০০ টাকা, কিশমিশ দ্বারা আদায় করলে এক সা বা ৩ কেজি ৩ শ’ গ্রাম বা এর বাজারমূল্য এক হাজার টাকা, খেজুর দ্বারা আদায় করলে এক সা বা তিন কেজি ৩ শ’ গ্রাম বা এর বাজারমূল্য এক হাজার পাঁচশত টাকা, পনির দ্বারা আদায় করলে এক সা বা ৩ কেজি ৩ শ’ গ্রাম বা এর বাজারমূল্য এক হাজার ছয়শত পঞ্চাশ টাকা ফিতরা আদায় করতে হবে।
মুসলমানগণ নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উপরিউক্ত পণ্যগুলোর যেকোনো একটি পণ্য বা তার বাজারমূল্য দ্বারা সাদকাতুল ফিতর আদায় করতে পারবেন। সভায় বলা হয়, উপরিউক্ত পণ্যগুলোর স্থানীয় খুচরা বাজারমূল্যের তারতম্য রয়েছে। সেই অনুযায়ী স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
