এমএনএ রিপোর্ট : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, বিভীষিকা সৃষ্টি করে পরিকল্পিতভাবে দেশবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে সরকার।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, উগ্রবাদ জঙ্গিদের উৎপাত, মানুষের ওপর ক্র্যাকডাউন, বিচারবহির্ভূত হত্যার বিভীষিকার ডামাডোল সৃষ্টি করে জনগণের দৃষ্টি সরিয়ে রাখছে সরকার। যাতে অত্যন্ত দ্রুততার সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভৌগলিক ও পরিবেশগত অস্তিত্ব বিপন্ন করে দেশবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে তারা।
তিনি বলেন, বর্তমান নতজানু সরকার পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছ থেকে যখন প্রতি টনে মাত্র ১৯২ টাকা ট্রানজিট ফি নিচ্ছে তখন নিজ দেশে গ্যাসের দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধি করার তোড়জোড় শুরু হয়েছে।
বিএনপির এই নেতার অভিযোগ, লুটপাটের অর্থনীতি টিকিয়ে রাখতে জনগণের রক্ত চুষে নেয়া হচ্ছে। গ্যাসের দাম বৃদ্ধির এ প্রস্তাব ‘ডোমিনো ইফেক্ট’-এ অর্থনীতির সর্বত্র এর প্রভাব পড়বে। দেশের শিল্প ও কৃষিতে নেতিবাচক প্রভাব পড়বে।
রিজভী বলেন, ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত অভিন্ন ৩৭টি নদীর পানি প্রবাহের গতিপথ ভারতের উজানে ডাইভার্ট করে ভারতে শুষ্ক অঞ্চলের দিকে নিয়ে যাওয়ার জন্য যে প্রস্তুতি প্রয়োজন তা প্রায় সম্পন্ন। গঙ্গা ও ব্রহ্মপুত্র এ দুই বড় নদী এবং নদীগুলোর শাখা-প্রশাখা খাল দ্বারা সংযোগ করে বাংলাদেশের দিকে প্রবাহিত পানিকে সরিয়ে নেয়ার এক বিশালাকার প্রকল্প হচ্ছে ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প।
তিনি বলেন, ভারতের এ পরিকল্পনা বাস্তবায়ন শেষ হলে বাংলাদেশের ভূ-প্রাকৃতিক অস্তিত্বই ভয়ঙ্কর রকমের বিকৃত হয়ে উঠবে। সাগরের লোনা পানি উপরের দিকে উঠে আসবে। লবণাক্ততা ভয়ঙ্কর রূপে বৃদ্ধি পাবে, চাষের জমি নষ্ট হবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এ বিষয়ে সরকারের মৌনতা সম্মতিরই লক্ষণ। নতজানু সরকার টু শব্দটিও করছে না।
তিনি বলেন, ইতোমধ্যে অবকাঠামো না থাকলেও আশুগঞ্জ বন্দর ব্যবহার করে নামমাত্র ১৯২ টাকায় ট্রানজিটের নামে ভারতকে করিডোর দেয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, ভোটারবিহীন সরকার দেশবাসীকে উপহার দিচ্ছে লাশ আর রক্তের হোলিখেলা। চারদিকে নির্বিঘ্নে চলছে হত্যা, গুপ্তহত্যা, বিচারবহির্ভূত হত্যা, পুলিশের গ্রেফতার বাণিজ্য, চাঁদাবাজি ও লুটপাটের রাজত্ব।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসিচব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রমুখ।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
